
নিউজ ডেস্ক:
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে অপহরণের ছয় ঘণ্টা পর সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) উদ্ধার করেছে পুলিশ। অপহরণের অভিযোগে রুবেল মিয়া (২৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১০ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতার রুবেল কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের ধুমেরকুটি পশ্চিমপাড়া নাউয়াটারী গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
অপহৃতার পরিবার ও পুলিশ জানায়, শুক্রবার ওই মেয়েটি তার বাবা-মায়ের সঙ্গে হারাগাছ পৌরসভা এলাকায় নানা বাড়িতে বেড়াতে আসে। ওইদিন রাত ৮টার দিকে মেয়েকে বাড়ির ভিতরে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর মেয়েটির বাবা জানতে পারে রুবেল মিয়া তার মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে। এ ঘটনায় মেয়েটির বাবা রাতেই থানায় অভিযোগ করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে রাত ২টার দিকে মেয়েটিকে উদ্ধারসহ অপহরণের অভিযোগে রুবেল মিয়াকে আটক করে।
এদিকে রুবেল মিয়ার পরিবারের দাবি, ছেলের বাড়ির পিছনেই মেয়েটির বাড়ি। আর ওই মেয়েটি অপহরণ হয়নি, সে নিজেই নানা বাড়ি থেকে তাদের বাড়িতে এসেছিল।
হারাগাছ থানার এসআই আ. ছবুর খন্দকার জানান, অভিযোগ পেয়ে রাতেই ওই মেয়েটিকে উদ্ধার করা হয়।
রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ওসি (তদন্ত) শওকত আলী সরকার বলেন, এ ঘটনায় শনিবার মেয়েটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা করেছেন। আটক যুবককে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সূত্র: বার্তা২৪
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.