
নিউজ ডেস্ক:
রংপুরের কাউনিয়ায় সড়কে বেঁধে রাখা দুটি ছাগল চুরি করে ব্যাটারিচালিত অটোরিকশায় পালিয়ে যাওয়ার সময় তিন যুবককে আটক করেছে এলাকাবাসী।
সোমবার (২ আগস্ট) দুপুর ২টার দিকে কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজিব গ্রামে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নের তালুক উপাশু গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে শিপন মিয়া (২৫), একই গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে কাসেম আলী (২১) ও মলুদচড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে লিমন মিয়া (২০)।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সোমবার সকালে রাজিব গ্রামের কৃষক আব্দুল হামিজের দুটি ছাগল ঘাস খাওয়ার জন্য বাড়ির পাশের সড়কের ধারে বেঁধে রাখা ছিল। দুপুরে ছাগল দুটিকে অটোরিকশায় তুলে পালিয়ে যাচ্ছিলেন ওই তিন যুবক। বিষয়টি নিয়ে সন্দেহ হলে তাদের ধাওয়া করে আটক করেন এলাকাবাসী। এ সময় তারা চুরির বিষয়টি স্বীকার করলে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে আটক ওই তিন যুবকসহ অটোরিকশাটি থানায় নিয়ে যায়।
এ ঘটনায় ছাগলের মালিক আব্দুল হামিজ মিয়া বাদী হয়ে কাউনিয়া থানায় ওই তিন যুবকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান বলেন, ছাগলের মালিক আটক তিন যুবকের নামে মামলা করেছেন। তাদের আদালতে পাঠানো হবে।বার্তা২৪
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.