
নিউজ ডেস্ক:
রংপুরের কাউনিয়ায় ভারতীয় সিরিয়াল দেখতে বাধা দেয়ায় সুমাইয়া আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে । শুক্রবার উপজেলার বালাপাড়া ইউনিয়নের গদাই গ্রামের মালগুদাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া কৃষক সাইফুল ইসলামের মেয়ে এবং কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল।
নিহতের পরিবার ও প্রতিবেশীরা জানায়, স্কুল বন্ধ থাকায় পড়াশোনায় মনোযোগি না হয়ে বই খাতা ছেড়ে ভারতীয় টিভি চ্যানেলে সিরিয়াল দেখার আসক্ত হয়ে পড়ে সুমাইয়া। শুক্রবার বিকেলে মেয়েটি স্টার জলসা দেখছিল। এ নিয়ে মা তাকে বকাবকি করে তিস্তার চরে গবাদিপশুর জন্য ঘাস আনতে যায়। এসময় মায়ের সাথে অভিমান করে ঘরে পাশের বাঁশের আড়ায় গলায় ওড়না পেঁচিয়ে মেয়েটি আত্মহত্যা করে।
বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন মেয়েটিকে দ্রুত উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিমুর রহমান সেলিম জানান, নিহতের পরিবারের লোকজন বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে অবগত না করে মরদেহ দ্রুত দাফনের পরিকল্পনা করে। পরে খবর পেয়ে রাত সাড়ে ১০ টার দিকে মেয়েটির বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি আরো বলেন, মেয়েটি জেদি এবং স্কুল বন্ধ থাকায় পড়াশোনায় মনোযোগি ছিল না। প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে ধারনা করা হচ্ছে। অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.