
রংপুর অফিস:
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়ন পরিষদ নির্বাচনে অর্থের বিনিময়ে অযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেয়ার অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা।
তাদের দাবি, প্রার্থী পরিবর্তন করা না হলে নির্বাচনে নৌকার ভরাডুবিসহ দলের ভাবমূর্তি ক্ষুন্ন হবে।গতকাল বুধবার দুপুরে রংপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ মাহফুজার রহমান। এ সময় তিনি প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়ে মনোনয়ন বঞ্চিত কাউনিয়া আওয়ামী লীগের সদস্য আতাউর রহমান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদিকা সঙ্গীতাও একই অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে ডাঃ মাহফুজার অভিযোগ করেন, বিগত ২০১৬ সালের নির্বাচনে দল থেকে মনোনয়ন পেয়েও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর ষড়যন্ত্রের কারণে তিনি পরাজিত হয়েছেন। আসন্ন নির্বাচনকে ঘিরে তিনি ওই সময় থেকে মাঠ গোছানো, প্রচার-প্রচারণাসহ সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে প্রধানমন্ত্রীর উন্নয়নের বার্তা পৌঁছে দিয়েছেন। নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের ৬ জন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী থাকলেও শেষ পর্যন্ত ৪ জন মনোনয়নের জন্য আবেদন করেন।
উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আলী বাবুকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন দেন। অথচ দল সমর্থিত ইয়াসিন আলীর নামে মাদরাসার জমি আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য ও অসহায় মানুষদের সরকারি সহায়তা নিয়ে দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।
সংবাদ সম্মেলনে মনোনয়নবঞ্চিতরা দাবি করেন, ইয়াসিন আলী বাবু আসন্ন নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্ডিতা করলে আওয়ামী লীগ ক্ষতি গ্রস্থ হচ্ছে। এমন অযোগ্য ব্যক্তিকে প্রার্থী করায় নির্বাচনে নৌকা প্রতীকের ভরাডুবিসহ ভাবমূর্তি ক্ষুন্ন হবে বলেও তারা অভিযোগ করেন।
মনোনয়ন বাণিজ্যের অভিযোগ প্রসঙ্গে জানতে কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সসাধারণ সম্পাদক আব্দুল হান্নান জানান, অর্থ বাণিজ্যের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। মনোনয়ন বঞ্চিতরা এসব কথা বলে বেড়াচ্ছেন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.