
নিউজ ডেস্ক:
রংপুরের কাউনিয়ায় শিবু কুঠিরপাড় রেলগেটসংলগ্ন স্থানে রেললাইনে বসে মোবাইল চালানোর সময় ট্রেকে কাটা পড়ে সিয়াম (১৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১৫ অক্টোবর) বিকালে কুর্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার রাতে উপজেলার কুর্শা ইউনিয়নের অন্নদানগর রেলস্টেশনের উত্তরে রেললাইনে বসে মোবাইল চালানোর সময় এ ঘটনা ঘটে।
নিহত সিয়াম উপজেলার কুর্শা ইউনিয়নের শিবু দইটারি গ্রামের আব্দুস সামাদের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, সিয়াম ওই দিন বিকালে বাইসাইকেল যোগে অন্নদানগরে তার ফুফুর বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে সন্ধ্যায় বাড়িতে ফেরার পথে শিবু কুটিরপাড় রেলগেটের পাশে গাছের সাথে বাইসাইকেল রেখে রেললাইনের উপর বসে আনমনে মোবাইল চালাতে থাকে।
পৌনে ৭টার দিকে পার্বতীপুর থেকে ছেড়ে আসা সান্তাহারগামী রামসাগর এক্সপ্রেস ট্রেনটি সামনা-সামনি আসলে সিয়াম রেললাইন থেকে ওঠে দৌড় দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় পাথরে পা পিছলে রেললাইনে পড়ে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১০টার দিকে মারা যায়।
কাউনিয়া রেলওয়ে জংশন স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.