
নিউজ ডেস্ক:
গণপরিবহনে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ হলেও তা মানছে না রংপুরের মানুষ। নগরীতে রিকশা, সিএনজি থেকে শুরু করে আন্তঃজেলা বাসগুলোতেও দেদারসে চলে ধূমপান।
গণপরিবহনে ধূমপান বন্ধে এবার নড়েচড়ে বসেছে রংপুর সিটি কর্পোরেশন। নগরীকে ধূমপান ও তামাকমুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে।
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনে গণপরিবহন, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-আধা সরকারি অফিস, গ্রন্থাগার, হাসপাতাল, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল, প্রেক্ষাগৃহ, প্রদর্শণী কেন্দ্র, চতুর্দিকে দেয়াল দ্বারা আবদ্ধ রেস্টুরেন্ট, পাবলিক টয়লেট, শিশুপার্ক, মেলা বা জনসমাগমের স্থানে ধূমপানে শাস্তি-জরিমানার বিধান থাকলেও তা কার্যকর হচ্ছে না।
বুধবার দুপুরে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল, পার্কের মোড়, শাপলা চত্বর, পায়রা চত্বর, মেডিকেল মোড়, দর্শনা, সাতমাথা, বাংলাদেশ ব্যাংক মোড়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে রিকশা-সিএনজিতে চালক ও যাত্রীদের ধূমপান করতে দেখা গেছে।
আরো পড়ুন: পীরগঞ্জে পুলিশ-গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় ৫ পুলিশ ক্লোজড
এক আটো যাত্রীকে ধূমপানের বিষয়ে প্রশ্ন করলে তিনি কোনো সদুত্তর না দিয়ে সিগারেটটি ফেলে দেন। ওই সময় স্কুলছাত্রী নাজমিন নাহার বলেন, সিগারেটের ধোঁয়া ও গন্ধে শ্বাস নিতে কষ্ট হচ্ছিলো। ওনাকে বারবার বললেও উনি সিগারেটটি ফেলেননি।
রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, রিকশা, অটোরিকশা, সিএনজি, লোকাল বাসে ধূমপান বন্ধে এরই মধ্যে ২০ হাজার স্টিকার তৈরি করা হয়েছে। আগামী সপ্তাহে এসব স্টিকার লাগানো হবে।
তিনি আরো বলেন, রংপুর সিটিকে তামাকমুক্ত করতে পর্যায়ক্রমে আরো উদ্যোগ নেয়া হবে। পাবলিক প্লেসে ধূমপান বন্ধে নির্দিষ্ট স্থানে ‘স্মোকিং জোন’ তৈরির পরিকল্পনা করেছি।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.