
রংপুর অফিস:
রংপুরে পরিবহন মালিক-শ্রমিকরা ঢাকা রুটে যাত্রী সংকটের কারণে বাস চলাচল বন্ধ করে রেখেছে। শুক্রবার ভোর থেকে কোনো ঘোষণা ছাড়াই রংপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রাখায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এদিকে হঠাৎ করেই এমন যাত্রী সংকটের কবলে পড়ে পরিবহন শ্রমিক সহ সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন ।
রংপুর মহানগরীর কামারপাড়া ঢাকা কোচস্ট্যান্ড ঘুরে দেখা গেছে, সারি সারি ঢাকা গামী বাস দাঁড়িয়ে আছে।কাউন্টারগুলো ফাঁকা, অলস সময় পার করছেন পরিবহন শ্রমিকরা। কিছু যাত্রীর আনাগোনা থাকলেও অন্যান্য দিনের মতো তেমন চাপ নেই কাউন্টার গুলোতে।
মালিক-শ্রমিকদের দাবি, কোনো ধর্মঘট নয়, যাত্রী সংকটের কারণে বাস ছাড়ছেন না তারা। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্কে বিরাজ করছে। এর প্রভাব পরিবহন ব্যবসায় পড়েছে।
হানিফ পরিবহনের স্টাফ রিপন আলম বলেন, গতকাল রাতে আমাদের বেশ কিছু বাস রংপুর ছেড়ে গেছে। আজ সকালে দুটি বাস ছেড়ে গেছে।অন্য সময়ের চেয়ে যাত্রী সংকট রয়েছে। এ কারণে বেশির ভাগ পরিবহন মালিক কম যাত্রী নিয়ে বাস ছাড়তে রাজি হচ্ছে না।
রংপুর থেকে ঢাকাগামী বাস না ছাড়ায় কাউন্টারে হাতে গোনা কয়েক যাত্রীর দীর্ঘক্ষণ অপেক্ষার পর অনেকেই ফিরছেন। আবার কেউ কেউ বিকল্প উপায়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।
রংপুর জেলা মোটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান লিপ্পন বলেন, বাস বন্ধের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। যাত্রীরা ভয়ে ঢাকায় যাচ্ছেন না। আগামীকাল ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ রয়েছে। এ কর্মসূচিকে ঘিরেই দু দিন আগ থেকেই উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতির কারণে অনেকেই বাস ছাড়ছেন না। এটিকে বাস ধর্মঘট বলা যাবে না, যাত্রী উপস্থিতি বাড়লেই বাস চলাচল স্বাভাবিক হবে। যাত্রী না থাকায় আমরাও ক্ষতির শিকার হচ্ছি।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.