তারাগঞ্জ (রংপুর) থেকে খবির উদ্দিন প্রামানিক:
রংপুরের তারাগঞ্জ উপজেলায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে প্রকাশ্যে চড়-থাপ্পড় ও শ্লীলতাহানীর অভিযোগে খাদেমুল হোসেন (১৮) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এ ঘটনায় ছাত্রীর পিতা অভিযুক্ত খাদেমুল হোসেনের নামে থানায় মামলা দায়ের করেছেন।
প্রত্যক্ষদর্শী ও থানার মামলা সূত্রে জানা গেছে, মেয়েটি তারাগঞ্জ উপজেলা সদরের একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার কাঠগাড়ী পন্ডিতপাড়া গ্রামের মোস্তফার পুত্র খাদেমুল ইসলাম ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। ওই ছাত্রী ঘটনাটি তার পরিবার ও বিদ্যালয়ের অধ্যক্ষকে জানালে খাদেমুল আরও ক্ষিপ্ত হয়ে উঠেন।
সেই ধারাবাহিকতায় শনিবার সকাল ৯টায় বিদ্যালয়ে যাওয়ার পথে থানা মোড়ে আসলে আগে থেকে সেখানে অবস্থান করা খাদেমুল প্রকাশ্যে ছাত্রীর গালে চড়-থাপ্পড় মারে। এ সময় উপস্থিত লোকজন খাদেমুলকে আটক করে থানায় খবর দেয় এবং ছাত্রীকে তারাগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ এসে খাদেমুলকে থানায় নিয়ে যায়। একই দিন দুপুরে ওই ছাত্রীর পিতা বাদী হয়ে অভিযুক্ত খাদেমুলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে তারাগঞ্জ থানার ওসি জিন্নাত আলী জানান, এ বিষয়ে ছাত্রীর বাবা থানায় মামলা করেছেন। আসামিকে রংপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.