
নিউজ ডেস্ক:
রংপুরের তারাগঞ্জ উপজেলার বাছুরবান্ধা এলাকায় নাইট কোচ ও অ্যাম্বুলেন্সের মধ্যে সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি গোলাম কিবরিয়া।
পুলিশ জানায়, সকালে ডিপজল পরিবহনের একটি নাইট কোচ ঢাকা থেকে সৈয়দপুর যাচ্ছিলো। অপরদিকে সৈয়দপুর থেকে রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের দিকে আসছিল। এসময় রংপুরের তারাগঞ্জ উপজেলার বাছুরবান্ধা এলাকায় নাইটকোচ দীপজল পরিবহন অ্যাম্বুলেন্সটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের ড্রাইভারসহ দুজন মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
পুলিশ জানায় নাইট কোচটি বেপরোয়াভাবে চালানোর কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের ওসি গোলাম কিবরিয়া জানান নাইটকোচটি আটক করা হলেও ড্রাইভার ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি। তিনি জানান নিহতের কারও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.