
রংপুর অফিস:
রংপুরে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ গণ অধিকার পরিষদ। সমাবেশ থেকে রেজা কিবরিয়া ও নুরুল হক নূরের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনে রাজপথে থাকার ঘোষণা দেন নেতৃবৃন্দ।
আজ শনিবার (৩০ অক্টোবর) দুপুরে সংগঠনটির রংপুর জেলা ও মহানগর নেতারা এ কর্মসূচি পালন করে।আনন্দ মিছিলটি রংপুর প্রেসক্লাব চত্তর থেকে জাহাজ কোম্পানী মোড়, পায়রা চত্তর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের নামে মিথ্যা অপপ্রচার বন্ধের দাবি জানিয়ে বলেন, দেশের মানুষ নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। রেজা কিবরিয়া ও নুরুল হক নূরের নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। দেশে এখন যে শাসন চলছে, তা অগণতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক। সবদিকে শুধু হাহাকার আর অভিযোগ।
সমাবেশে সংগঠনের সভাপতি ইমরান আহমেদ সভাপতিত্ব করেন। আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক হানিফ খান সজিব, রংপুর জেলা যুব অধিকার পরিষদের আহবায়ক আব্দুল জলিল রতন, যুবনেতা আল-আমিন । বাংলাদেশ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের জেলা ও মহানগরের নেতাকর্মীরা অংশ নেন।
উল্লেখ্য, গত ২৬ অক্টোবর রাজধানীতে সংবাদ সম্মেলন করে অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে ‘গণ অধিকার পরিষদ’ নামে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে।নতুন এ দলের আহ্বায়ক কমিটিতে রয়েছেন ১০১জন সদস্য। নুরুল হক নূর কোটাবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে খ্যাতি পান। পরে তিনি ডাকসুর ভিপি নির্বাচিত হন।রেজা কিবরিয়া প্রয়াত শাহ এএমএস কিবরিয়ার ছেলে। একটি বোমা হামলায় নিহত শাহ এএমএস কিবরিয়া আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী ছিলেন। ২০১৮ সালের ডিসেম্বরের জাতীয় নির্বাচনের আগে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামে যোগদান করেন রেজা কিবরিয়া। পরে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্য ফ্রন্টের হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি নির্বাচন করেন। ২০১৯ সালে তাকে গণফোরামের সাধারণ সম্পাদক করা হয়। এ বছর ফেব্রুয়ারী মাসে গণফোরাম ছাড়ার ঘোষণা দেন ড. রেজা কিবরিয়া। বর্তমানে ঘোষিত নতুন দলের আহ্বায়ক রেজা কিবরিয়া এবং নুরুল হক নূর সদস্য সচিব।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.