
নিউজ ডেস্ক:
করোনার সংক্রমণ ঝুঁকি রোধে স্বাস্থ্যবিধি মেনে রংপুরে উদযাপিত হচ্ছে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। জেলায় বিভিন্ন স্থানে গির্জাগুলোতে নানা আয়োজন আর আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। সকালে প্রার্থনার মধ্য দিয়ে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় গির্জা পরিদর্শন করেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান। এসময় তিনি খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন ও তাঁদের বড়দিনের শুভেচ্ছা জানান।
সরকার জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষের কল্যাণে কাজ করছে জানিয়ে ডিসি আসিব আহসান বলেন, আজকের দিনে যিশুখ্রিষ্ট পৃথিবীতে এসেছিলেন শান্তির বার্তা নিয়ে। শোষণমুক্ত সমাজ ব্যবস্থা প্রবর্তনই ছিল যিশুখ্রিষ্টের অন্যতম ব্রত। তাঁর জীবনাচরণ ও চারিত্রিক গুণাবলীর জন্য মানব ইতিহাসে তিনি অমর হয়ে আছেন।
এদিকে যিশুর জন্ম তিথি ২৫ ডিসেম্বরকে প্রতিবছর আনন্দ-উৎসবের মধ্য দিয়ে বড়দিন হিসাবে পালন করছে খ্রিষ্টান সম্প্রদায়। ধর্মীয় আচার, প্রার্থনা ও নানা আয়োজন চলছে জেলার গির্জাগুলো ছাড়াও খ্রিষ্ট ধর্মাবলম্বীদের বাড়ি-ঘরগুলোতে।
বড়দিন উপলক্ষে খ্রিষ্ট ধর্মাবলম্বীরা তাদের উপাসনালয় ও বাড়ি-ঘরে আলোকসজ্জা করেছে। গির্জাগুলোর সামনেই স্থাপন করা হয়েছে গোশালা। গোশলাগুলো দৃষ্টি নন্দনভাবে শিশু যিশুর মূর্তি সাজানো হয়েছে। তবে যে কোনো ধরণের নাশকতা এড়াতে গির্জা ও খ্রিষ্টান অধ্যুষিত এলাকাগুলোতে বাড়ানো হয়েছে পুলিশের বাড়তি নজরদারি।
রংপুর মহানগরসহ আট উপজেলা মিলে প্রায় ২ শতাধিক গির্জা রয়েছে। এসব গির্জায় জেলার প্রায় ১৮ হাজার খ্রিষ্ট ধর্মাবলম্বী বড়দিন পালন করছেন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.