
অনলাইন ডেস্ক:
রংপুরের পীরগঞ্জ উপজেলায় পার্কের ভেতর ‘ভূতের রুমে’ নিয়ে ৮ম শ্রেণির এক কিশোরীকে ধর্ষণের পর অজ্ঞান করে ফেলে যাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় পীরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা।
গত শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হক। তিনি জানান, এই ঘটনায় গত মঙ্গলবার (৩০ জুন) মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত মনিরুজ্জামান মনির (২২) মিঠাপুকুরের মিলনপুর ইউনিয়নের জাহিদুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, অভিযুক্ত মনির প্রায় পনের দিন চেষ্টার পর ঘুরতে যাওয়ার জন্য রাজি করায় কিশোরীকে। পরে ঘুরতে যাওয়ার কথা বলে কৌশলে পীরগঞ্জের ঝিলমিল পার্কে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে আনন্দনগর পার্কের ভেতরে নিয়ে যায়। সেখানে ভূতের রুমে নিয়ে একাধিকবার ধর্ষণ করে।
মামলার বাদী জানান, তার মেয়েকে পার্কে নিয়ে যাওয়ার পর আইসক্রিম খাইয়ে অজ্ঞান করে। পরে অজ্ঞান অবস্থায় অমানবিক নির্যাতন চালিয়ে ধর্ষণ করে। অজ্ঞান অবস্থায় মেয়েকে পেয়ে প্রথমে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা করেন তিনি।
ভুক্তভোগী কিশোরী জানান, গত ২১ জুন স্কুল যাওয়ার সময় মনিরুজ্জামান মনির তাকে ফুসলিয়ে ঘুরতে নিয়ে যায়। মোটরসাইকেলে ঘুরে বেড়ানোর কথা বলে তাকে পীরগঞ্জের আনন্দনগর পার্কের ভেতর নিয়ে আইসক্রিম খাওয়ায়। আইসক্রিম খাওয়ার পর সে আর কিছু বলতে পারে না। পরে হাসপাতালে জ্ঞান ফিরলে বুঝতে পারে যে, তার সঙ্গে খারাপ কাজ করা হয়েছে। কিশোরী বলেন, তাকে এতটাই নির্যাতন করা হয়েছে যে, এখনও ব্যথা ভাল হয়নি। অসুস্থ অবস্থায় বাড়িতে চিকিৎসা নিচ্ছে সে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হক বলেন, ‘আদালত ভুক্তভোগীর ২২ ধারায় জবানবন্দি নিয়েছে। প্রাথমিক তদন্ত করে ধর্ষণের আলামত পাওয়া গেছে। আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’ তথ্যসূত্র- আমাদের সময়
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.