
নিউজ ডেস্ক:
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বিএনপি গর্তে গেছে, জামায়াত পালিয়েছে, জাতীয় পার্টি নাই। এখন আমরা আমাদের শত্রু। ক্ষুদ্র স্বার্থের জন্য নৌকার কোন ক্ষতি করা যাবে না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বুধবার (১৬ জুন) দুপুরে পীরগাছা উপজেলার দেউতি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা অর্থনৈতিকভাবে ভারত ও পাকিস্তানের চেয়ে ৪৫ ভাগ এগিয়ে।
এদেশের গ্রামীণ নারীদের পায়ে জুতা ছিলো না। এখন সবার পায়ে জুতা। আওয়ামী লীগ দেশটাকে পাল্টে দিয়েছে। এই নৌকা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে।
তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থী ও দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা নিজেরা নিজেরাই খোঁচাখুঁচি করি। কিন্তু নৌকা ছাড়া কোন চিন্তা করার সুযোগ নাই। শেখ হাসিনাকে হতাশ করা যাবে না।
তিনি বলেন, নৌকা মার্কা নিয়ে চেয়ারম্যান হলে দলীয় নেতাকর্মীদের মূল্যয়ন করা হয় না। ফলে অনেকের মনে ক্ষোভের সৃষ্টি হয়। নৌকাকে পরাজিত করা যাবে না। নৌকার সাথে বেঈমানি করতে দিবো না।
এসময় বর্ধিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোনয়ারুল ইসলাম মাসুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সস্পাদক চেয়ারম্যান প্রার্থী নুর আলম ও কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাইফুল ইসলাম খান ইকবাল প্রমুখ। বার্তা২৪
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.