
নিউজ ডেস্ক:
রংপুরের পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুল আরেফীনের সরকারি মোবাইল নম্বর ফের ক্লোন করা হয়েছে। একটি প্রতারক চক্র নম্বরটি ব্যবহার করে ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন ব্যক্তির কাছে ফোন করে টাকা দাবি করেছেন।
সোমবার বিকেলে ইউএনও শামসুল আরেফীন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে তিনি ‘উপজেলা প্রশাসন, পীরগাছা রংপুর’ নামে ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে বিষয়টি সবাইকে অবগত করেন।
ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে বলা হয়, উপজেলা নির্বাহী অফিসার পীরগাছার দাপ্তরিক মোবাইল ফোন নম্বরটি ক্লোন করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।
এ বিষয়ে ইউএনও শামসুল আরেফীন বলেন, সোমবার দুপুর ১টা থেকে ২টার মধ্যে পীরগাছা সদর, পারুল, কল্যাণী ও ইটাকুমারী ইউপি চেয়ারম্যনসহ একাধিক ব্যক্তির কাছে ফোন করা হয়েছে বলে জানতে পারি। তাদের কাছ থেকে বিভিন্ন প্রকল্পের কথা বলে চাঁদা দাবি করা হয়। তবে এসব ফোন কল আমার নয়, এ ঘটনায় আমি বিব্রত। বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে সবাইকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে।
এ বিষয়ে পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম বলেন, বিষয়টি আমি জেনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এটি কোনো প্রতারক চক্রের কাজ হবে।
চলতি বছরের গত ৩০ জুন একই ফোন নম্বরটি ক্লোন করা হয়েছিল। তখন ফেসবুকে স্ট্যাটাস নিয়ে ওই নম্বর থেকে কল বা ম্যাসেজের ক্ষেত্রে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়। সেই ঘটনার তিন মাস যেতে না যেতেই আবারো নম্বরটি ক্লোন করা হয়েছে। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.