
নিউজ ডেস্ক:
রংপুরের পীরগাছায় কঠোর বিধিনিষেধ অমান্য করে বসেছিল পশুর হাট। খবর পেয়ে হাটে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভয়ে গরু-ছাগল নিয়ে দ্রুত হাট থেকে দৌড়ে পালিয়ে যান বিক্রেতারা।
বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকালে উপজেলার ঐতিহ্যবাহী দেবী চৌধুরাণীর হাটে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এ অঞ্চলে ঐতিহ্যবাহী হাটগুলোর মধ্যে অন্যতম দেবী চৌধুরাণীর হাট। সপ্তাহের সোম ও বৃহস্পতিবার (২৯ জুলাই) বসে পশুর হাট । সেখানে আশেপাশের কয়েকটি জেলা ও উপজেলা থেকে প্রায় কয়েক হাজার মানুষ জমায়েত হয়। করোনা সংক্রমণ রোধে বর্তমানে সারাদেশে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ চলছে। এরই মধ্যে বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকালে পশুর হাট বসানো হয়। হাটে আসা বেশির ভাগ মানুষের মুখে মাস্ক না থাকাসহ স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই ছিল না। খবর পেয়ে বিকালে হাটে উপস্থিত হয় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভয়ে গরু-ছাগল নিয়ে হাট থেকে দৌড়ে পালিয়ে যান বিক্রেতারা। মুহূর্তেই ফাঁকা হয়ে যায় হাট। পরে হাটের ইজারাদারকে দুই হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
এদিকে একই দিনে বিধিনিষেধ অমান্য করায় উপজেলার বড়পাইনসায়( হাজীপাড়া) একহাজার টাকা, নেকমামুদ বাজারে দুইশ টাকা ও পীরগাছা বাজার এলাকায় (গুয়াবাড়ি) তিনশ টাকা জরিমানা করা হয়।
পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুল আরেফীন বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি এড়াতে জনগণকে বিভিন্নভাবে সচেতন ও সতর্ক করা হচ্ছে। একই সঙ্গে বিধিনিষেধ অমান্যকারীদের ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত রয়েছে। এমন অভিযান কঠোর লকডাউন চলাকালীন সময়ে অব্যাহত রাখা হবে বলেও তিনি জানান। বার্তা২৪
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.