
নিউজ ডেস্ক:
রংপুরের পীরগাছায় গলায় ফাঁস লাগানো অবস্থায় খুশি বেগম নামে এক নববধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ( ১২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের বিরবিরিয়া গ্রামের ইদ্রিস আলীর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত খুশি বেগম ইদ্রিস আলীর ছেলে রিপন মিয়ার স্ত্রী।
স্বামীকে জুয়া খেলতে নিষেধ করায় ঝগড়ার এক পর্যায়ে গতকাল সোমবার তার লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বলে জানায় পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী রিপন মিয়াকে আটক করা হয়েছে।
নিহতের পরিবার জানায়, উপজেলার কান্দি ইউনিয়নের সতন্তরা গ্রামের খোরশেদ আলমের মেয়ে খুশি বেগম (২০) এর সাথে পার্শ্ববর্তী বিরবিরিয়া গ্রামের ইদ্রিস আলী ছেলে রিপন মিয়া (২৩) সাথে বিগত ১৪ মাস আগে বিয়ে হয়। বিয়ে পর থেকে রিপন মিয়া জুয়ায় আসক্ত হয়ে পড়ে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগেই থাকতো। রোববার বিকেলে ঝগড়ার পর রাত আড়াই টার দিকে নিজ ঘরে তীরের সাথে গলায় ওড়না পেচানো অবস্থায় খুশি বেগমের মরদেহ ঝুলতে থাকে।
নিহতের পিতা খোরশেদ আলম বলেন, আমার মেয়েকে হত্যা করা হয়েছে। লাশ মাটি থেকে পা ৪ ইঞ্চি উপরে ঝুলছিল এবং খাটের সাথে লাগানো ছিল। আমি খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে কাউকে পাইনি। বাড়ির লোকজন তাদের গরু-ছাগল নিয়ে পালিয়ে গেছে। জুয়া খেলতে নিষেধ করায় তারা আমার মেয়েকে হত্যা করে ঝুলিয়ে রাখে। আমি এর সঠিক বিচার চাই।
এ বিষয়ে পীরগাছা থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আব্দুর শুকুর মিয়া বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। আমরা জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী রিপন মিয়াকে আটক করেছি। ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.