পীরগাছায় প্রেমের ফাঁদে ধরা কথিত ‘জ্বীনের বাদশা’

রংপুর অফিস:

রংপুরের পীরগাছা বাসস্ট্যান্ড থেকে মোবাইলে জ্বীনের বাদশা পরিচয়দানকারী জয়নাল সরকার (৩০) নামের এক প্রতারককে নকল স্বর্ণের পুতুল সহ গ্রেফতার করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

আজ বৃহস্পতিবার দুপুরে তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এর আগে গত বুধবার (২৪ মার্চ) বিকেলে শহরের পীরগাছা বাসস্ট্যান্ড থেকে জয়নালকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জয়নাল গাইবান্ধা জেলার পলাশবাড়ীর ভবানীপুর গ্রামের ফজল হকের ছেলে।

পীরগাছা থানার ওসি মোঃ আজিজুল ইসলাম জানান, মোবাইলে জিনের বাদশা পরিচয় দিয়ে পীরগাছার চন্ডিপুর গ্রামের এক নারীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আসছিলেন জয়নাল। ইতোপূর্বে গুপ্তধন ও স্বর্ণের পুতুল দেয়ার কথা বলে ওই নারীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন তিনি।অবশেষে ওই নারীর প্রেমের জালে স্বজন ও এলাকাবাসীর সহায়তায় পড়ে কথিত জিনের বাদশা জয়নাল সরকার।

এদিকে গত মঙ্গলবার (২৩ মার্চ) রাতে আবারো প্রতারক জয়নাল স্বর্ণের পুতুল ও গুপ্তধন বাড়িতে পৌঁছে দেয়ার জন্য সাড়ে পাঁচ হাজার টাকা আদায় করেন ওই নারীর কাছ থেকে। এছাড়া এগুলো পৌঁছে দেয়ার পর আরো ১০ হাজার টাকা প্রস্তুত রাখার কথা বলে। এমতাবস্থায় ওই নারী গোপনে টাকা সংগ্রহের চেষ্টা করলে পরিবারের সদস্যরা বিষয়টি জেনে যায়।

বুধবার দুপুরে জয়নাল পীরগাছা বাসস্ট্যান্ডে ওই নারীকে ফোন করে আসতে বলেন। তিনি সেখানে আসলে আগে থেকে ওত পেতে থাকা ওই নারীর পরিবার এবং এলাকাবাসী তাকে নকল স্বর্ণের পুতুল সহ আটক করে পুলিশে সোর্পদ্দ করে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply