
অনলাইন ডেস্ক:
বাংলাদেশ পুলিশ পরিচালিত জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোনের ভিত্তিতে ধর্ষণ চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে রংপুর পীরগাছা থানার পুলিশ।
বৃহস্পতিবার ভোর ৬টায় ৯৯৯ এ একজন কলার রংপুরের পীরগাছা থানাধীন পূর্ব দামইনখোলা থেকে ফোন করে জানান, তার পাশের বাড়িতে একটি মেয়ের ঘরে কয়েকজন লোক জোর করে ঢুকে তাকে উঠিয়ে নিয়ে যেতে চেয়েছিল। মেয়েটির চিৎকার শুনে তিনিসহ কয়েকজন গ্রামবাসী জড়ো হয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছেন। সেখানে একটি উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে জানিয়ে তিনি জরুরি পুলিশি সহায়তার জন্য অনুরোধ জানান।
৯৯৯ তাৎক্ষণিকভাবে কলারের সঙ্গে পীরগাছা থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়। সংবাদ পেয়ে পীরগাছা থানা পুলিশের একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায়।
পরে পীরগাছা থানার এসআই রেজাউল ৯৯৯ কে ফোনে জানান, তারা ঘটনাস্থল থেকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বেলাল হোসেন, হারুনুর রশিদ ও রাজু মিয়া নামে তিনজনকে আটক করে থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.