
অনলাইন ডেস্ক:
রংপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক ও রংপুর ব্যুরো প্রধান রফিকুল ইসলাম। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে রংপুর মহানগরীর টাউন হলের সামনে বেপরোয়া গতিতে চলা একটি প্রাইভেট কারের ধাক্কায় এ ঘটনা ঘটে। তবে বেপরোয়াভাবে ছুটে চলা ওই প্রাইভেট কারটিকে আটক করা যায়নি।
যমুনা টিভির সিনিয়র করেসপন্ডেন্ট সরকার মাজহারুল মান্নান বলেন, প্রয়োজনীয় কাজ শেষে বাসায় যাওয়ার জন্য সাংবাদিক রফিক নগরীর টাউন হলের সামনে মোটরসাইকেলে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ ঢাকা বিরানি হাউসের সামনে থেকে বেপরোয়াগতিতে একটি সিলভার কালারের প্রাইভেট কার তাকে ধাক্কা দিলে তিনি সড়কে সিটকে পড়েন। পরে আমরা তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করাই। তিনি এখন কিছুটা সুস্থ আছেন। এ ঘটনায় আরো অন্তত পাঁচজন আহত হয়েছেন।
চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরো বলেন, তার ডান পা ভেঙে গেছে এবং ডান হাতে প্রচণ্ড ব্যথা লেগেছে। তা ছাড়া শরীরের বিভিন্ন অংশে আঘাত লেগেছে। তবে চিকিৎসকরা তাকে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন।
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থপেডিক ওয়ার্ডের চিকিৎসক জানান, পা ভেঙে যাওয়ায় প্লাস্টার করে দেওয়া হয়েছে। চিকিৎসা চলছে।
হাসপাতালের দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক আপেল জানান, ঘাতক গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.