মিঠাপুকুর২৪নিউজ ডেস্ক

স্কুলশিক্ষকের কাছে প্রাইভেট পড়ে বাড়ির ফেরার সময় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে দৃর্বৃত্তরা। শনিবার সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমিদপুর ইউপির চন্ডিপুর গ্রামের একটি জঙ্গলের ভেতর থেকে গলায় ওড়না পেঁচানো তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে পীরগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা ক্লাশ বর্জন করে বিক্ষোভ করেছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে রোববার উপজেলা সদরে মানববন্ধন ও সমাবেশের ডাক দিয়েছে।
আরো পড়ুন:- মিঠাপুকুরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরাই বাংলাদেশ’র ভাষা প্রতিযোগিতা
পীরগঞ্জ থানার পুলিশ সদস্য শরেষ চন্দ্র রায় জানান, স্কুলছাত্রী সকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে তার শিক্ষক মিজানুর রহমানের বাড়িতে যায়। সকাল ৮টার দিকে প্রাইভেট শেষ করে বাড়ি ফেরার সময় নিখোঁজ হয়। পরে সকাল ৯টার দিকে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি জঙ্গলের ভেতর গলায় ওড়না পেঁচানো তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মাসুমুর রহমান মাসুম জানান, প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের বাবা তার মেয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
সূত্র: ডেইলী বাংলাদেশ।