
নিউজ ডেস্ক:
রংপুরের বদরগঞ্জে তুচ্ছ ঘটনায় ভাতিজার দায়ের কোপে রফিকুল ইসলাম(৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ মে) বিকালে উপজেলার দক্ষিণ মুকসুদপুর বানুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত রফিকুল ইসলাম ওই গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার বিকালে বানুয়াপাড়া গ্রামে কয়েকজন মিলে ভাগে একটি গরু জবাই করে। সেই গরুর মাংস ভাগের সময় কম বেশীর অভিযোগ তোলে ভাতিজা হেলাল হোসেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হেলাল তার চাচা রফিকুল ইসলামকে দা দিয়ে কুপিয়ে জখম করে। এতে রফিকুল ইসলাম গুরুতর আহত হন। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.