
নিউজ ডেস্ক:
রংপুরের বদরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মাসুদ (৩৫) নামে এক পাওয়ার ট্রিলার চালক নিহত হয়েছেন। তিনি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের খাগড়াবন্দ এলাকার কোটোয়ালপাড়ার হবিবর রহমানের ছেলে।
শনিবার ট্রলিতে করে কাঠখড়ি নিয়ে নীলফামারীর সৈয়দপুরে যাওয়ার সময় বদরগঞ্জের ডারারপাড় নামক স্থানে পার্বতীপুর থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি বাসের সঙ্গে সংঘর্ষে মাসুদের মৃত্যু হয়। এ সময় তার সাথে থাকা হেলপার আহসান হাবীব মারাত্মক আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, একই দিন দুপুরে বদরগঞ্জ-চৌধুরীপাড়া সড়কের পাঁচতেপথী নামক স্থানে প্রাইভেটকার ও রিকশা ভ্যানের সংঘর্ষে চারজন আহত হয়েছেন।
আহতরা হলেন- পার বিষ্ণুপুর হাইস্কুলের সহকারী শিক্ষক কুতুবুজ্জামান কাঁকন ও ওই স্কুলের এসএসসি পরীক্ষার্থী মেহেনাজ পারভিন মুন্নী, রিকশাভ্যানের যাত্রী মেহেরুল ও নূরুজ্জামান। এর মধ্যে শিক্ষার্থী মুন্নীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পার বিষ্ণুপুর হাইস্কুলের সহকারী শিক্ষক হাবিবুর রহমান জানান, প্রাইভেটকারটি জাপা নেতা অ্যাডভোকেট মোকাম্মেল হক চৌধুরীর।
এ বিষয়ে জানতে অ্যাডভোকেট মোকাম্মেল হক চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সামনে গর্ত থাকায় কারটি ধীরগতিতে এগুচ্ছিল। এ সময় দ্রুত গতির রিকশা ভ্যানটি কারের পেছনে এসে সরাসরি আঘাত করে। এতে রিকশা ভ্যানে থাকা যাত্রীরা রাস্তায় ছিটকে পড়ে আহত হন।
পৃথক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার বলেন, অভিযোগ করতে অস্বীকৃতি জানানোয় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া পার বিষ্ণুপুর হাইস্কুলের পক্ষ থেকেও কোনো অভিযোগ করা হয়নি।
সূত্র: কালেরকন্ঠ
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.