
রংপুর অফিস:
দেশে এখন যে সংবিধান রয়েছে তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রণীত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত রংপুরে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়ে একথা বলেছেন।
তিনি বলেছেন, বঙ্গবন্ধু প্রণীত ৭২ সালের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা এবং বাংলাদেশ সত্যিকার বাঙালির রাষ্ট্রে পরিণত করার জন্যই আমরা আন্দোলন করছি।যে সংবিধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধান রচনা করেছিলেন, সেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মকে আলাদাভাবে দেখা হয়নি।
আজ শুক্রবার দুপুরে রংপুর টাউন হলে সংগঠনটির জেলা পরিষদের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখতে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এ কথা বলেছেন।
রানা দাশগুপ্ত আরো বলেন, বঙ্গবন্ধুর ডাকে সব ধর্ম-বর্ণ নির্বিশেষে সাধারন মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে। মুক্তিযুদ্ধেও উদ্দেশ্য ছিল বাঙালিদের চেতনাকে শাণিত করা। সে জন্যই বঙ্গবন্ধু সংবিধানে ধর্ম নিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং বাঙালি জাতীয়তাবাদের কথা উল্লেখ করেছিলেন।
পরবর্তী সময়ে সেই সংবিধানের মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধ্বংস করে ফেলা হয়েছে। ধর্মের ভিত্তিতে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান আলাদা সত্বা হবে এ জন্য আমরা মুক্তিযুদ্ধ করিনি। মুক্তিযুদ্ধ হয়েছে দেশে অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার। বিগত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ যে অঙ্গীকার করেছিল সাম্প্রদায়িক সহিংসতা মুক্ত বাংলাদেশের তা এখনো বাস্তবায়িত হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্সের তার এ ঘোষণার বাস্তবায়ন আমরা চাই। সে কারণে মানবাধিকারের আন্দোলন আমরা অব্যাহত রেখেছি। আমরা আর সাম্প্রদায়িক সহিংসতা দেখতে চাই না।
রংপুর টাউন হলে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- সংগঠনের সভাপতি অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, সংগঠনের নেতা মনোরঞ্জন গোপাল, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিয়ার রহমান, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সংগঠনের রংপুর জেলা সভাপতি বনমালী পাল।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.