
নিউজ ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী ক্ষমতায়নের পথিকৃৎ উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বিশ্বে বাংলাদেশ আজ নারী ক্ষমতায়নের রোল মডেল। রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে তরুণ নারী সমাজ এগিয়ে আসলে অচিরেই সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নিজ নির্বাচনী এলাকা রংপুর-৬ পীরগঞ্জের দলের অফিস প্রাঙ্গণে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্পিকার বলেন, ভাষা আন্দোলনসহ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও সকল গণতান্ত্রিক আন্দোলনে নারীদের ভূমিকা অনস্বীকার্য। বর্তমান বাংলাদেশের উন্নয়নেও নারীদের অংশগ্রহণ দৃশ্যমান। অর্থনীতির মূলস্রোতে নারীদের সম্পৃক্ততা বৃদ্ধি করতে সকলকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে নারীদের এগিয়ে যেতে হবে। যারা বঙ্গবন্ধু, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করবে, তারাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পারবে।
এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে পীরগঞ্জে মহিলা আওয়ামী লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র্যালির উদ্বোধন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আজিজুর রহমান রাঙ্গার সভাপতিত্বে রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. সাফিয়া খানম, পীরগঞ্জ মহিলা আওয়ামী লীগের সভাপতি জোহরা বেগম, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনিসহ রংপুর জেলা আওয়ামী লীগ এবং পীরগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সূত্র: বাংলাদেশ টাইমস।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.