
অনলাইন ডেস্ক:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিউল ইসলাম জীবনের বিরুদ্ধে যৌন হয়রানি ও মার্ক টেম্পারিংয়ের অভিযোগ পাওয়া গেছে। ঘটনা তদন্তের জন্য কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সাংবাদিকদের হাতে এসেছে একই বিভাগের সাবেক এক শিক্ষার্থীর অভিযোগপত্র। তাতে শিক্ষক জীবনের বিরুদ্ধে মানসিক নির্যাতন, ভয়ভীতি দেখানো, যৌন হয়রানি ও মার্ক টেম্পারিং করে ফলাফল খারাপ করিয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘আমি উপাচার্য ও রেজিস্ট্রার দপ্তরে ইমেইলে ও হোয়াটসআ্যপের মাধ্যমে আমার লিখিত অভিযোগ পাঠিয়েছি। আমার সঙ্গে ঘটে যাওয়া সকল অন্যায়ের বিচার চাই।’
এছাড়াও গত ১৪ এপ্রিল থেকে পরীক্ষা নিয়ন্ত্রকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একই বিভাগের শিক্ষার্থীর সঙ্গে পর পর তিনটি অডিও ফাঁস হয়।
অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় রেজিস্টার ড. মো. হারুন অর রশিদ বলেন, ‘অভিযোগ পত্রটি পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. তাজুল ইসলামকে আহ্বায়ক ও ছাত্র উপদেষ্টা ড. ইলিয়াছ প্রামানিককে সদস্য সচিব করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা দ্রুত একটি প্রতিবেদন দিবেন।’ সূত্র: ইত্তেফাক অনলাইন
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.