
নিউজ ডেস্ক:
একশ কোটি টাকা ব্যয়ে শ্যামা সুন্দরী খালের সংস্কার কাজ আগামী মার্চ মাস থেকে শুরু করার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছে রংপুর পানি উন্নয়ন বোর্ড।
এদিকে নগরীর ঘাঘট পাড়ায় শ্যামা সুন্দরীর উৎস মুখ থেকে মাহিগঞ্জ পাটবাড়ি পর্যন্ত ১০ কিলোমিটার খালের দুই পাশের ১৭০ জন অবধৈ দখলদারকে এরইমধ্যে চিহ্নিত করা হয়েছে।
এসব দখলদারদের বিরুদ্ধে রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে। চলতি মাসের মধ্যে তাদের দখল করা জায়গা খালি করার নির্দেশ দেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদি হাসান জানান, রংপুর বিভাগীয় প্রশাসন, রংপুর জেলা প্রশাসন, রংপুর সিটি কর্পোরেশন ও সেনাবাহিনীর সহযোগীতায় নগরীর শোভা বর্ধনের জন্য ১৬ কিলোমিটার খালের ১০ কিলোমিটার পর্যন্ত সার্ভে কাজ শেষে হয়েছে।
তিনি আরো বলেন, এই ১০ কিলোমিটারের মধ্যে আমরা ১৭০ জন খাল দখলকারীকে চিহ্নিত করেছি। রংপুর জেলা প্রশাসনের মাধ্যমে তাদের চলতি মাসের মধ্যে সব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে চিঠি দেয়া হয়েছে। সরিয়ে না নিলে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে উচ্ছেদ অভিযান শুরু হবে। রংপুরের মানুষের প্রাণের দাবি ছিল শ্যামা সুন্দরী খালের পুনঃসংস্কার। আমরা সরকারের চারটি সংস্থা যৌথভাবে এই কাজ পরিচালনা করছি।
এই নির্বাহী প্রকৌশলী আরো জানান, শ্যামা সুন্দরী খাল পুনঃখননের কাজ দুই ভাবে করা হবে। প্রথমত খাল খনন ও প্রটেকটিভ ওয়াল নির্মাণের জন্য ব্যয় হবে প্রায় ৭০ কোটি টাকা। আর খালের দুই ধারে পয়নিস্কাশনের ব্যবস্থা রাখলে এর ব্যয় শত কোটি টাকা ছাড়িয়ে যাবে। এর জন্য আমরা যৌথ কমিটিকে পরামর্শক নিয়োগের কথা বলেছি।
এ প্রসঙ্গে রংপুরের ডিসি আসিব আহসান জানান, শ্যামা সুন্দরী খাল দৃশ্যমান করার জন্য ঘাঘট থেকে মাহিগঞ্জ পাটবাড়ি পর্যন্ত ১০ কিলোমিটার খালের দুই পাশে সার্ভে কাজ সম্পন্ন হয়েছে। আমরা ১৭০ জন খালের জায়গা দখলকারীকে চিঠি দিয়েছি। কোনো দখলদারকে ছাড় দেয়া হবে না।
এদিকে নির্বাহী প্রকৌশলী মেহেদি হাসান আরো জানান, রংপুর নগরীর ভেতর দিয়ে প্রবাহিত খোকসা ঘাঘটের ডান তীর থেকে পাঁচটি বহুতল ভবন উচ্ছেদ করা হয়েছে। এছাড়া ২০ কোটি মূল্যের প্রায় দেড় একর সরকারি জমি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বাম তীরের পাঁচ মিটার সার্ভের কাজ চলছে। এ পর্যন্ত ১৩টি অবৈধ স্থাপনা পাওয়া গেছে। এ মাসের মধ্যে এসব অবধৈ স্থাপনা উচ্ছেদ করা হবে।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.