
স্টাফ রিপোর্টার (রংপুর):
সচেতনতা বাড়ানোর পাশাপাশি জোরদার আইনি ব্যবস্থার মাধ্যমে মাস্ক পরিধান নিশ্চিত করাতে কঠোর হচ্ছে রংপুর জেলা প্রশাসন।
রংপুর জেলা প্রশাসক আসিব আহসান বলেছেন, দেশব্যাপি করোনাভাইরাসের তীব্রতার বিবেচনায় রংপুর জেলা আছে রেড জোনে। নানা সমস্যার সম্মুখিন হলেও কার্যকর ব্যবস্থা গ্রহণ করায় তেমন ক্ষতি হয়নি। তুলনামূলক মৃত্যু কম এবং সুস্থতার হার বেশি ছিলো। তাই করোনার ২য় পর্যায়েও মুখে মাস্ক পরিধান নিশ্চিত করাতে আইনি ব্যবস্থা জোরদারের পাশাপাশি অধিক গুরুত্ব দিয়ে সচেতনতা বৃদ্ধি কর্মসূচি অব্যাহত থাকবে।
শনিবার (৭নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনার ২য় পর্যায় মোকাবেলার কার্যক্রম বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে ডিসি এসব কথা বলেন।
করোনার ২য় পর্যায়ের আশংকা ব্যক্ত করে আসিব আহসান বলেন, রংপুর শীত প্রবন এবং দুর্যোগপূর্ন এলাকা হওয়ায় করোনার মোকাবেলায় এবং স্বাস্থ্য সুরক্ষার সকল প্রস্তুতি নেয়া হয়েছে। এজন্য পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরো বেশি সেবা দেয়ার উদ্যোগ গ্রহন করেছে জেলা প্রশাসন।
রংপুরের সকল উপজেলা থেকে শুরু করে জেলার সবখানেই স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার নিশ্চিতকরণে প্রশাসনের মাধ্যমে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি জরিমানা করার উপর অধিক গুরুত্ব দেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং ডেডিকেডেট করোনা হাসপাতালে রোগিরা যাতে সেবা পায় এজন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য ও সিটি করপোরেশনের উদ্যোগে গঠিত যৌথ কমিটি কাজ করছে। পাশাপাশি দরিদ্র মানুষদের করোনা নির্নয়ে সকল পরীক্ষা নিরিক্ষা এবং চিকিৎসার জন্য সরকারি সহায়তা অব্যাহত আছে।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আরাফাত হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম)মো. গোলাম রব্বানী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শুকরিয়া পারভীন , উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ ফরহাদ হোসেন এবং সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, আফতাব হোসেন, সিদ্দিকুর রহমান, রফিক সরকার, মেরিনা লাভলী এবং জুয়েল আহমেদ প্রমুখ।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.