মিঠাপুকুর২৪নিউজ ডেস্ক
ক্রিকেট খেলার বাজিতে হেরে মায়ের নিকট দাবিকৃত ১০ হাজার টাকা না পেয়ে মুখ থেঁতলে দিয়েছে পাষণ্ড এক ছেলে। এতে মা পমেলা বেগমের মুখে ৭টি সেলাই দিতে হয়েছে। পড়ে গেছে ৪টি দাঁত। শনিবার রাতে রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ীতে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্র জানায়, ত্রিদেশীয় টি২০ ক্রিকেট ম্যাচে আবদুল হামিদের ছোট ছেলে তোতা মিয়া। আফগানিস্তানের পক্ষে ১০ হাজার টাকা বাজি ধরে। তোতা বাজিতে হেরে গেলে তার মায়ের নিকট ওই ১০ হাজার টাকা দাবি করে। এতে মা পমেলা বেগম দিতে অস্বীকৃতি জানালে তোতা ক্ষিপ্ত হয়ে ওঠে।
একপর্যায়ে গ্লাস দিয়ে তার মায়ের মুখে উপর্যুপরি আঘাত করলে রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে অপর ছেলে রায়হান মিয়া ও গ্রামবাসী তাকে উদ্ধার করে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
মা পমেলা বেগমের মুখে ৭টি সেলাইসহ ৪টি দাঁত পড়ে যায়। এর পূর্বেও মা পমেলা বেগমের জমি বিক্রি করা ৯০ হাজার টাকা তোতা মিয়া দু’দফা চুরি করে। ওই টাকাও বাজিতে হারে তোতা মিয়া।
ক্রিকেট খেলায় বাজি ধরাকে কেন্দ্র করে ভেন্ডাবাড়ীসহ পীরগঞ্জের অনেক পরিবার সর্বশান্ত হয়েছে। কেউ কেউ বাজির টাকা পরিশোধে ব্যর্থ হয়ে এলাকা ছাড়া হয়েছে।
সূত্র:- ডেইলী বাংলাদেশ
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.