
নিউজ ডেস্ক:
রংপুরের সাংবাদিকরা হুমকি, নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছেন। মঙ্গলবার দুপুরে নিপীড়নের প্রতিবাদে ২৮টি সংগঠনের সমন্বয়ে সাংবাদিক গণসমাবেশ করা হয়।
কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল ওয়াহেদ মিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ করলে তিনি সাংবাদিকদের ভয়ভীতির দেখানোর প্রেক্ষিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
রংপুর বিভাগীয় শিক্ষা অফিসের সামনে সম্মিলিত সাংবাদিক সমাজ আয়োজিত গণসমাবেশে বক্তারা দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।
সম্মিলিত সাংবাদিক সমাজের আহবায়ক সাইদুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্যরা।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ-সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহমুদুল হক বলেন, সব নিয়মনীতি মেনে সংবাদ প্রকাশের পর সংবাদকর্মীদের ওপর হুমকি বাকস্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতায় আঘাত। একটি প্রতিষ্ঠানের প্রধান হয়ে তিনি নাগরিকদের সংবিধান স্বীকৃত অধিকার হরণের পর স্বপদে বহাল থাকার নৈতিকতা হারিয়েছেন।
সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব ও সময় টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান রতন সরকার বলেন, অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ হলেই যারা হুমকি দিয়ে গণমাধ্যমের কণ্ঠরোধ করার দুঃসাহস দেখায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার সময় এসেছে। এরপর আর কোনো সাংবাদিককে অন্যায়ভাবে হুমকি-ধামকি দিলে তাদের রুখে দাঁড়ানোর হুঁশিয়ারী উচ্চারণ করেন।
রতন বলেন, দিনরাত পরিশ্রম করে যারা ঝুঁকি নিয়ে তথ্যসেবা দেয় সেই সাংবাদিকরা আর অন্যায়ের কাছে মাথানত করবে না।
গণসমাবেশে আরো বক্তব্য দেন রংপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি আব্দুল হালিম আনছারী, একুশে টেলিভিশনের প্রতিনিধি লিয়াকত আলী বাদল, রংপুর সিটি প্রেসক্লাবের আহবায়ক ও এনটিভির সিনিয়র রিপোর্টার মইনুল ইসলাম, সিনিয়র সাংবাদিক নুরুজ্জামান, প্রথম খবরের নির্বাহী সম্পাদক তাজিদুল ইসলাম লাল, ডিবিসি নিউজের রংপুর ব্যুরো প্রধান নাজমুল ইসলাম নিশাত, চ্যানেল-২৪’র বিভাগীয় প্রধান ফকরুল শাহীন, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের প্রতিনিধি মাহফুজুল ইসলাম বকুল প্রমুখ।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.