
অনলাইন ডেস্ক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মামলাসহ বিভিন্ন অভিযোগে অপারেশনে ডেভিল হান্টের অভিযানে রংপুরে আওয়ামী লীগের দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোত্তালেব হোসেন এবং পীরগঞ্জের বড় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মিয়া।
এ ছাড়া মিঠাপুকুর উপজেলার বড় মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগ কর্মী রায়হানুল ইয়ামিন ও রংপুর জেলা যুবলীগের সহ-সভাপতি শফিকুজ্জামান শিপন।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার ভিন্নজগত এলাকা থেকে গংগাচড়া মডেল থানা পুলিশ খলেয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোত্তালেব হোসেনকে গ্রেফতার করে। গ্রেফতার মোত্তালেব হোসেন উপজেলার উত্তর খলেয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে। তার বিরুদ্ধে রংপুর মহানগর পুলিশের কোতয়ালি থানায় দায়ের করা একটি হত্যা মামলা রয়েছে।
একই দিন রাতে পীরগঞ্জের বড় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মিয়াকে এবং মিঠাপুকুরে বড় মির্জাপুর গ্রাম থেকে আওয়ামী লীগের কর্মী রায়হানুল ইয়ামিন গ্রেফতার করা হয়।
এ ছাড়া আজ শুক্রবার ভোররাতে রংপুর মহানগরীর কলেজ রোড লালবাগ এলাকা থেকে জেলা যুবলীগের সহ-সভাপতি শফিকুজ্জামান শিপনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মারপিট, ভয়ভীতি দেখানোসহ হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবু সাইম জানান, অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার হওয়া আসামিদের শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। কালের কন্ঠ
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.