
রংপুর অফিস:
রংপুরে আজ মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২। সকাল ১০টায় পাবলিক লাইব্রেরী মাঠে এ মেলার উদ্বোধন করবেন রংপুর জেলা প্রশাসক মোঃ আসিফ আহসান।
প্রযুক্তিবান্ধব নানা উদ্ভাবনের মাধ্যমে নাগরিক জীবনকে আরো সহজ, সমৃদ্ধ এবং স্মার্ট করে গড়ে তুলতে সারাদেশের উদ্ভাবকদের উদ্ভাবনী সক্ষমতা দেশের প্রয়োজনে কাজে লাগাতে দেশব্যাপী আয়োজন করা হচ্ছে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২। সোমবার দুপুরে জেলা প্রশাসকের হলরুমে সাংবাদিকদের মেলা নিয়ে ব্রীফ করেন জেলা প্রশাসক।
তিনি বলেন, মেলা চত্বরে বিষয় ভিত্তিক ৪টি প্যাভিলিয়ন যথাক্রমে উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা, শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান স্থাপন করা হবে।
রংপুর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ মেলায় সরকারি ও বেসরকারি দপ্তর সমূহের অংশ গ্রহণে মেলা প্রাঙ্গণ হতে নাগরিক বান্ধব ডিজিটাল সেবা প্রদানের ব্যবস্থা থাকবে, পাশাপাশি সেবা প্রদান প্রক্রিয়া অবহিতকরণ, উন্নয়ন এবং সেবা সম্পর্কে নাগরিকদের মতামত গ্রহণের ব্যবস্থা রাখা হবে। মেলায় সেবা প্রদানকারী এ অফিস প্রতিষ্ঠানসমূহের ৫৩টি দপ্তর অংশ গ্রহণ করবে।স্থানীয় উদ্ভাবকদের উদ্ভাবন ও স্টার্টআপ প্রদর্শন এবং জাতীয়ভাবে বাস্তবায়ন যোগ্য উদ্ভাবনী বিষয়সমূহ মেলায় প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচন করা হবে।
মেলায় উদ্ভাবনী অলিম্পিয়াডের অংশ হিসেবে উদ্ভাবনী আইডিয়া প্রজেক্ট প্রদর্শনীর মাধ্যমে প্রতিযোগিতা আয়োজিত হবে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উন্মুক্ত এ ৩টি গ্রুপে উদ্ভাবনী ধারণা আইডিয়া প্রকল্প প্রাপ্তি সাপেক্ষে প্রতিটি গ্রুপে ১ম, ২য় এবং ৩য় হিসেবে মোট ৯ জনকে পুরস্কৃত করা হবে।
মেলায় মোট স্টল সংখ্যা ৫৩টি। অংশ গ্রহণকারী স্টল সমূহের মধ্য হতে ৩টি শ্রেষ্ঠ স্টলকে পুরস্কৃত করা হবে। এ ছাড়া কুইজ, অলিম্পিয়াডে বিজয়ী ৩ জনকে পুরস্কৃত করা হবে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.