
রংপুর অফিস:
সারাদেশের ন্যায় রংপুরে ওএমএসের মাধ্যমে অস্বচ্ছল পরিবারের মাঝে ৩০ টাকা কেজি দরে চাল ও ১৮ টাকা কেজি দরে আটা বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর রবার্টসনগঞ্জ মাঠে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা, রংপুর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল আলম, সদর খাদ্য গুদামের ইনচার্জ আরিফ হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা শামীম তালুকদারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।
রংপুর সিটি কর্পোরেশনে ১৭টি দোকান ডিলার ও ৮টি ট্রাক ডিলারসহ জেলায় ৪৪টি বিক্রয় কেন্দ্রে প্রতিদিন ৮৮ মেট্রিক টন চাল ও সাড়ে ৮ মেট্রিক টন আটা বিক্রি করা হচ্ছে। টিসিবি ভোক্তারাও তাদের কার্ড দেখিয়ে ওএমএসের চাল-আটা কিনতে পারছেন।
রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান বলেন,রংপুর জেলায় খাদ্য বান্ধব কর্মসূচীর মাধ্যমে এক লাখ ৪৫ হাজার পরিবারের মাঝে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি চলমান রয়েছে। এর সাথে ওমএমএসের মাধ্যমে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হলো। এতে করে রংপুরের কম আয়ের মানুষজন অনেক উপকৃত হবেন।এছাড়া টিসিবি কার্ডধারীরা অগ্রাধিকার ভিত্তিতে এই ওএমএসের চাল-আটা কিনতে পারবেন।
রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, রংপুর সিটি কর্পোরেশন এলাকায় বস্তি ও কর্মহীন মানুষের সংখ্যা অনেক বেশি। প্রধানমন্ত্রী তাদের দু’বেলা খাওয়ার ব্যবস্থা করে দেয়ায় উপকারভোগীরা অনেক খুশি। বর্তমানে সিটি কর্পোরেশন এলাকার ২৫টি পয়েন্টে প্রতিদিন ৫০ টন করে চাল দেয়া হচ্ছে। আমি প্রধানমন্ত্রীকে সিটি কর্পোরেশন এলাকায় বরাদ্দ বাড়ানোর অনুরোধ করছি।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.