
রংপুর অফিস:
রংপুর জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন হাজার হাজার নেতাকর্মীর অংশ গ্রহণে শুরু হওয়ার আড়াই ঘণ্টা পর কোনও কমিটি ঘোষণা ছাড়াই শনিবার রাত সাড়ে ৮টায় শেষ হয়েছে কাউন্সিল অধিবেশন।
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ঘোষণা দেন ঢাকায় গিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রার্থীদের দেওয়া জীবন বৃত্তান্ত পরীক্ষা-নিরীক্ষা করে কমিটি ঘোষণা দেওয়া হবে। কাউন্সিল অধিবেশনে যোগ দেওয়া একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।
রংপুর জেলা যুবলীগের সভাপতি পদে ১২ জন এবং সাধারণ সম্পাদক পদে ১৮ জন নিজেদের সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে সম্মেলনের কয়েকমাস আগেই তাদের জীবন বৃত্তান্ত কেন্দ্রীয় কমিটির কাছে জমা দিয়েছিলেন বলে জানা গেছে। কিন্তু বেশিরভাগ প্রার্থী যুবলীগ চেয়ারম্যান পরশের উত্তর দিতে পারেননি বলে সভা সূত্রে জানা গেছে।
কাউন্সিল অধিবেশন সূত্রে জানা গেছে, দীর্ঘ ২৬ বছর পর জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কারণে জেলা ও ৮ উপজেলায় যুবলীগের কোথাও পূর্ণাঙ্গ কমিটি নেই, ফলে কাউন্সিলর নির্ধারণ করা হয়নি।
আজ শনিবার দুপুর ৩টার দিকে রংপুর জিলা স্কুল মাঠে সম্মেলন শেষ হওয়ার পর সভা মঞ্চ থেকে ঘোষণা দেওয়া হয় দ্বিতীয় অধিবেশন অর্থাৎ কাউন্সিল অধিবেশন নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। এরপর নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে কাউন্সিল অধিবেশন শুরু হয়।
প্রধান অতিথি ছিলেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সাধারণ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, রংপুর বিভাগের দায়িত্ব প্রাপ্ত প্রেসিডিয়াম সদস্য ডিউক চৌধুরী এমপি সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
কাউন্সিল অধিবেশনে ১২ জন সভাপতি পদপ্রার্থীর কাছে একজন করে সংগঠনের চেয়ারম্যান পরশ জানতে চান ২০০১ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত তারা যুবলীগের কে কোন পদে দায়িত্ব পালন করেছেন। প্রশ্নের উত্তরে ৩/৪ জন ছাড়া বাকিরা কোনও উত্তরই দিতে পারেননি।বেশিরভাগ প্রার্থী বলেছেন, তারা কোনও পদে ছিলেন না। তবে কেউ কেউ আবার ওয়ার্ড যুবলীগের বিভিন্ন পদে থাকার কথা বলেছেন।
যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের বেশির ভাগই ওই সময়ে যুবলীগ বা ছাত্রলীগের দায়িত্বশীল পদে ছিলেন না বলে স্বীকার করেছেন। এ সময় ৪ জন সাধারণ সম্পাদক প্রার্থী একজন প্রার্থীর পক্ষে তাদের প্রার্থিতা প্রত্যাহার করার ঘোষণা দেন। শেষ পর্যন্ত সভাপতি পদে ১২ জন, সাধারণ সম্পাদক পদে ১৪ জন প্রার্থী থেকে যান। এ সময় যুবলীগের চেয়ারম্যান ঘোষণা দেন তিনি ঢাকায় ফিরে গিয়ে প্রার্থীদের জীবন বৃত্তান্ত যাচাই-বাছাই করে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করবেন। এর পরেই কাউন্সিল অধিবেশন কোনও কমিটি ঘোষণা ছাড়াই রাত সাড়ে ৮টায় সমাপ্তি ঘোষণা করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক যুবলীগের এক শীর্ষ পর্যায়ের নেতা জানান, যুবলীগের চেয়ারম্যান চান দলের জন্য ত্যাগী-নিবেদিত প্রাণ নেতা। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকার সময় যারা সভাপতি বা সম্পাদক প্রার্থী হয়েছেন তাদের ভূমিকা কী ছিল জানতে চান তিনি।সে সময়ের ত্যাগী নেতাদের মধ্য থেকে প্রার্থী বাছাই করতে চেয়েছিলেন। কিন্তু দুই পদে ৪/৫ জন ছাড়া আর কাউকেই তার পছন্দ হয়নি। ফলে আরও ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করে কমিটি পরে ঘোষণা দেওয়া হবে বলে জানান তিনি।
সার্বিক বিষয়ে জানতে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত রংপুর-২ আসনের এমপি ডিউক চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দলের চেয়ারম্যান ত্যাগী-নিবেদিত প্রাণ এবং দীর্ঘদিন ধরে সংগঠন করা নেতাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। রোব বার এখবর লেখা পর্যন্ত রংপুর জেলা যুবলীগের কমিটি ঘোষনার কোন খরব পাওয়া যায়নি।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.