
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুরে সময় অসময়ে হানা দিচ্ছে বৈশাখী ঝড়। বাতাসের তীব্র গতি আর বৈশাখী বৃষ্টিতে হেলে পড়েছে বোরো ধান। এতে জমির ধান নিয়ে চিন্তিত বেশির ভাগ কৃষক। তাদেরই একজন রহিমা বেগম। করোনাকালে শ্রমিক সংকট আর অর্থাভাবে পাকা ধান ঘরে তোলা নিয়ে দিশেহারা এই কৃষকের পাশে দাঁড়িয়েছে রংপুর মহানগর আওয়ামী লীগ।
রংপুর মহানগরের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলের নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও মহানগর ছাত্রলীগের নেতারা এই কার্যক্রমে অংশ নেয়। সকাল থেকে বিকাল পর্যন্ত দল বেঁধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ধান কাটেন তারা। পরে জমি থেকে ধান নিয়ে গিয়ে ওই কৃষকের উঠানে মাড়াই করেন দেন। রংপুর মহানগর ছাত্রলীগও অংশ নেয়।
মহামারি করোনাকালে আওয়ামী লীগ নেতা-কর্মীদের এমন সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন কৃষক রহিমা বেগম। দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় অসহায় কৃষকের পাশে এগিয়ে আসা আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।
রহিমা বলেন, ‘হঠাৎ ঝড় বৃষ্টি হওয়াতে জমির পাকা ধান কাটা নিয়ে বেশ দুশ্চিন্তায় ছিলাম। আমার হাতে টাকাও ছিল না। এমন অভাবের দিনে তিন বিঘা জমির ধান কাটা ও মাড়াই করতে প্রায় ১০ হাজার টাকা লাগত। সেই খরচ করার মতো এখন আমার সামর্থ্য নেই। তাই আমি আওয়ামী লীগের নেতা-কর্মীদের কাছে কৃতজ্ঞ।’
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.