
নিউজ ডেস্ক:
রংপুরে ভুয়া চিকিৎসক, অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে পুলিশের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অনুমোদন না থাকা, অসঙ্গতিপূর্ণ চিকিৎসা কার্যক্রম ও মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় চার প্রতিষ্ঠানের কাছ থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছে।
রংপুর নগরীর ধাপ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আপডেট ক্লিনিক, ল্যাব এইড ডায়েগনস্টিক সেন্টার, রোজ হাসপাতাল ও ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে মৌখিকভাবে সর্তক করা হয়।
রংপুর জেলা সিভিল সার্জনের অনুমোদন না নিয়ে চিকিৎসা প্রদান ও মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা না থাকাসহ বিভিন্ন অভিযোগে ওই চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে বলে সেখানে উপস্থিত সাংবাদিকদের জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান।
তিনি বলেন, জেলা প্রশাসনের আওতায় নিবন্ধনহীন হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে অভিযানের শুরুতে দেখা গেছে ৭০ শতাংশ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন নেই। বিভিন্নভাবে রোগীদের সঙ্গে তারা প্রতারণা ও হয়রানি করে আসছে। স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে রংপুর মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা ও সিভিল সার্জনের প্রতিনিধি অংশ নেন।
নগরীতে ২২৯টি বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন থাকলেও ৫৫০টি ক্লিনিক ও ডায়গনেস্টিক সেন্টার চালু রয়েছে।
সূত্র: ডেইলী বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.