নিউজ ডেস্ক:
যুদ্ধাপরাধ মামলায় জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় সুপ্রিম কোর্ট কর্তৃক বহাল রাখাকে কেন্দ্র করে রংপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াত-শিবিরের ১০ নেতা-কর্মীকে আটকের এক দিন পর গতকাল রবিবার তাদের কোর্ট হাজতে পাঠিয়েছে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার পুলিশ।
শনিবার ভোরে রংপুর মহানগরীর পীরজাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সহকারী পুলিশ কমিশনার আলতাব হোসেন জানান, ‘জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের রায়কে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে ঐ এলাকায় আটককৃতরা সংঘবদ্ধ হয়েছিল। বিভিন্ন সময়ে তারা গোপনে মিছিল ও সরকারবিরোধী স্লোগান দিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মেট্রোপলিটন পুলিশের একটি বিশেষ দল আগে থেকেই পীরজাবাদ এলাকায় অবস্থান নেয়। শনিবার ভোরে তারা নাশকতার উদ্দেশ্যে সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।’
তদন্তের স্বার্থে আটককৃতদের নাম-পরিচয় না জানিয়ে ঐ পুলিশ কর্মকর্তা বলেন, আটককৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের সঙ্গে জড়িত নাশকতার পরিকল্পনাকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক পীরজাবাদ এলাকার এক ব্যক্তি জানান, জামায়াত-শিবিরের এই নেতাকর্মীরা বিভিন্ন সময়ে নানা ইস্যুতে ফজরের নামাজের পর রংপুর-বদরগঞ্জ সড়কে মিছিল-মিটিং করতেন।
সূত্র: ইত্তেফাক অনলাইন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.