রংপুরে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ব্যবসায়ীদের বিরুদ্ধে

অনলাইন ডেস্ক:

রংপুর নগরীর নবাবগঞ্জ বাজারের ব্যবসায়ীদের বিরুদ্ধে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে দোষী ব্যবসায়ীদের শাস্তির দাবিতে বিক্ষোভও করেছেন।

শনিবার (৮ মার্চ) রাতে এ ঘটনা ঘটেছে।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। দাবি পূরণের আশ্বাসে রাত সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ে ফিরে যান শিক্ষার্থীরা।

শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে নবাবগঞ্জ বাজারের সিটি পোশাক হাউজের সামনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী কথা বলছিলেন। এ সময় ব্যবসায়ীরা তাদের সরে যেতে বলেন। 

এ নিয়ে ব্যবসায়ীদের সাথে শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে ব্যবসায়ীরা বিশ্ববিদ্যালয়ের ১২তম ব্যাচের ইলেট্রিক্যাল-ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সৌরভ ও শরীফকে বেধরক মারপিট করেন। খবর পেয়ে রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যবসায়ীদের বিচারের দাবিতে বিক্ষোভ করতে থাকেন। শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে রাস্তার দু’ধারে যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এতেও শিক্ষার্থীরা শান্ত না হলে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেন। শিক্ষার্থীদের ওপর ব্যবসায়ীদের হামলা ও সেনাবাহিনীর লাঠিচার্জের ঘটনায় বিক্ষুব্ধ হয়ে তারা হাড়িপট্টি রোডে অবস্থান করে বিক্ষোভ করতে থাকেন।

এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আতাউর রহমান বলেন, আমি ঘটনাস্থলে আছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ফিরে গেছেন। সূত্র: সময়

এম২৪২৪নিউজ/আখতার

Leave a Reply