
রংপুর অফিস:
রংপুরে ডেইরী ও পোল্ট্রি খাদ্যের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দুধ, ডিম ও মাংসের মূল্য নির্ধারণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ডেইরী ফার্মারস এসোসিয়েশন ও পোল্ট্রি শিল্প মালিক সমিতি। এ দাবি আদায়ে রংপুরে মানববন্ধন সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
আজ মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করে সংগঠন দুটি। ঘন্টাব্যাপী মানব্বন্ধনে কয়েক শতাধিক ডেইরী ও পোল্ট্রি শিল্প মালিক ও খামারীরা অংশ নেন।
এসময় বক্তব্য রাখেন, রংপুর পোল্ট্রি শিল্প মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, রংপুর ডেইরী ফার্মারস এসোসিয়েশনের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমান ফুলু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, ডেইরী ফার্মারস এসোসিয়েশনের সভাপতি লতিফুর রহমান মিলন, সাধারণ সম্পাদক আরমানুর রহমান লিংকন, রংপুর বিভাগ পোল্ট্রি শিল্প রক্ষা পরিষদের সভাপতি মাহাবুব হোসেন, খামারী ইস্তিয়াক হোসেন ।
সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে পোল্ট্রি ও ডেইরী খাদ্য ও খামারে ব্যবহৃত অন্যান্য দ্রব্যের দাম লাগামহীন হারে বৃদ্ধি পেয়েছে। সেই তুলনায় খামারে উৎপাদিত দুধ, ডিম ও মাংসের দাম বৃদ্ধি না হওয়ায় এই শিল্প ধ্বংস হওয়ার পথে। দিন দিন মানুষের কর্মসংস্থান কমে যাচ্ছে। একই সাথে বেকারত্বের হারও বাড়ছে। দুধ সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলো খাদ্যপণ্যের দাম বাড়ালেও দুধ ক্রয়ের মূল্য বৃদ্ধি না করায় খামারীরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।
ডেইরী ফার্মারস এসোসিয়েশন ও পোল্ট্রি শিল্প মালিক সমিতির নেতারা। মানববন্ধন সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রংপুরের জেলা প্রশাসক আসিব আহসানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.