রংপুরে নকল গ্রিজ ও মবিল ফ্যাক্টরিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রংপুর অফিস:

রংপুরে নিয়মাবলীর বাহিরে গিয়ে নকল গ্রিজ ও মবিল উৎপাদনের অভিযোগে ‘গ্রিজ কর্নার’ নামক একটি ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ অভিযানের পরিচালনায় ছিলেন মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান।

আজ মঙ্গলবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারা সেখান থেকে বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ তিন লাখ টাকার মালামাল জব্দ করেছেন। এর আগে গত সোমবার বিকালে তাজহাট থানাধীন ২৮ নং ওয়ার্ডস্থ সাজাপুরে অবস্থিত ‘হাবিবা গ্রিজ কর্নার’ নামক গ্রিজ ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাশপিয়া তাসরিন।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ‘হাবিবা গ্রিজ কর্নার’ নামক গ্রিজ ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। সেসময় কারখানাটি পরিবেশের ও ফায়ার সার্ভিসের ছাড়পত্র দেখাতে পারেনি। গ্রিজ ও মবিল তৈরির কাঁচামাল সঠিকভাবে সংরক্ষণ করা ছিল না। হালনাগাদ ট্রেড লাইসেন্স ছিলো না। এছাড়াও নকল মোড়কে গ্রিজ তৈরি করে বাজারে বিক্রির প্রমাণ পায়। এ অপরাধের দায়ে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আফসানা পারভীনের উপস্থিতিতে রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাশপিয়া তাসরিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত ভোক্তা সংরক্ষন অধিকার আইনে উক্ত প্রতিষ্ঠানের মালিক হোসনে আরা বেগমকে ৭ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনা শ্রম কারাদন্ডের আদেশ দেন। একই সাথে প্রায় ৩ লাখ টাকার মালামাল জব্দ ও ধংসসহ সকল ক্রটি সংশোধন করে ফ্যাক্টরিটির কার্যক্রম পরিচালনা করার আদেশ দেয়া হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply