
অনলাইন ডেস্ক:
রংপুরে ব্র্যাক ইনস্টিটিউট অব স্কিল ডেভেপমেন্ট সেন্টার থেকে নকল চাবি দিয়ে ১০ লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। চুরি যাওয়া কম্পিউটারসহ ১০ লাখ টাকা মূল্যের মালামাল উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাসিবুল হাসান আলিফ (১৫) ও সেলিম আহম্মেদ (৪৫) নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা সম্পর্কে বাবা-ছেলে। তারা নগরীর ২১ নম্বর ওয়ার্ডের নিউ আদর্শপাড়ার বাসিন্দা।
শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন।
পুলিশের এ কর্মকর্তার দাবি, চুরি সংঘটিত হবার আগে ব্র্যাক ইনস্টিটিউট অব স্কিল ডেভেপমেন্ট সেন্টারের প্রশিক্ষণার্থী ছিলেন হাসিবুল হাসান আলিফ। সেখানে প্রশিক্ষণ নেয়া শেষ হবার পরেও আলিফ নিয়মিত যাতায়াত করত এবং প্রতিষ্ঠানের কর্মচারীর সঙ্গে সু-সম্পর্ক গড়ে তোলে। যাতায়াতের এক পর্যায়ে আলিফ সুকৌশলে সবার অগোচরে ব্র্যাক ইনস্টিটিউট অব স্কিল ডেভেপমেন্ট সেন্টারের দরজার তালার চাবি পরিবর্তন (নকল চাবি তৈরি) করে নেয়। এরপর সেখান থেকে নগদ কিছু অর্থসহ ২১টি সিপিইউ, ২৪টি মনিটর, একটি প্রিন্টার, দুটি পেনড্রাইভ, একটি স্ক্যানার মেশিন এবং একটি মুঠোফোন চুরি করেন।
আবু মারুফ হোসেন বলেন, রংপুর নগরীর চারতলা মোড় মৎস্য কর্মকর্তার কার্যালয়ের পাশে অবস্থিত ব্র্যাক ইনস্টিটিউট অব স্কিল ডেভেপমেন্ট সেন্টারে গত ১৩ সেপ্টেম্বর মধ্যরাতে চুরির ঘটনাটি ঘটে। ওইদিন রাত ১২টা ৫ মিনিটের দিকে সেখানকার সাবেক প্রশিক্ষণার্থী হাসিবুল হাসান আলিফ সবার অগোচরে তার কাছে থাকা নকল চাবি দিয়ে দরজার তালা খুলে ভেতরে প্রবেশ করে। প্রথমে দুই তলায় থাকা বিদ্যুতের সংযোগ বন্ধ করে দেয়। বিদ্যুৎবিচ্ছিন্ন হবার পর আলিফ তিন তলায় গিয়ে তার কাছে থাকা আরেকটি চাবি দিয়ে তালা খুলে অফিসের সিসিটিভির সংযোগও বন্ধ করেন। অতঃপর নিচে নেমে পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করে তিন তলার অফিসে প্রবেশ করে এবং ভেতর দিক দিয়ে দরজা বন্ধ করে দেয়।
তিনি আরও বলেন, রাত প্রায় সাড়ে ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত ব্র্যাক ইনস্টিটিউট অব স্কিল ডেভেপমেন্ট সেন্টারে থাকা কম্পিউটারগুলো কাপড়ের পর্দা দিয়ে প্যাকেটজাত করেন। পরে অফিস থেকে বের হয়ে একটি অজ্ঞাত অটোরিকশা এবং একটি পা চালিত রিকশাভাড়া করে নিয়ে ট্রেনিং সেন্টারের নিচে যায়। পরে প্যাকেট করা সব মালামাল নিয়ে ভোরবেলায় রংপুরের বদরগঞ্জ এলাকায় তার ভাড়া করা এক কক্ষে রেখে দেন। পরবর্তীতে আলিফ চুরি করা মালামালগুলো হারাগাছের কাচুগ্রাম কাজীটারী এলাকায় কৌশলে নিয়ে যান।
এদিকে চুরির এ ঘটনায় গত ১৫ সেপ্টেম্বর ব্র্যাক ইনস্টিটিউট অব স্কিল ডেভেপমেন্ট সেন্টারে কর্মরত মেহেদী হাসান নিজে বাদী হয়ে মেট্রোপলিটন কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (১২ অক্টোবর) পুলিশ হাসিবুল হাসান আলিফ এবং তার বাবা সেলিম আহম্মেদকে গ্রেফতার করাসহ চুরি যাওয়া মালামাল উদ্ধার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.