
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুরে ১৬০ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক ১০০ শয্যার ক্যানসার হাসপাতাল নির্মিত হতে যাচ্ছে। ১৫ তলা বিশিষ্ট রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাম্পাসে নির্মাণ করা হচ্ছে এটি। হাসপাতালটি নির্মাণে এরইমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। এখন চলছে দরপত্রের মূল্যায়ন ও যাচাই-বাছাই।
সরকারের সবকিছু ঠিক থাকলে অত্যাধুনিক ১০০ শয্যার ক্যানসার হাসপাতাল থেকে সুচিকিৎসা পাবে রংপুর বিভাগ তথা উত্তর অঞ্চলের হাজার হাজার ক্যানসার রোগে আক্রান্ত মানুষ।
রংপুর গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাম্পাসে ১ একর ৩৭ শতক জমির ওপর অত্যাধুনিক ১০০ শয্যার ক্যানসার হাসপাতালটি নির্মাণ করা হবে। হাসপাতালের মূল ভবন নির্মাণের ৯২ কোটি টাকা ও হাসপাতালটি গোছানোর কাজে ব্যয় ধরা হয়েছে ৬৮ কোটি টাকা। এই হাসপাতালে রোগী বহন ও রোগীর আত্মীয়-স্বজনদের চলাচলের জন্য থাকছে ৬ টি লিফট।এছাড়াও ২ হাজার কেজি ধারণ ক্ষমতা সম্পূর্ণ বেড লিফট থাকবে।
আরও জানা গেছে, ১৫ তলা হাসপাতালের ভিত্তি হবে ডবল বেজমেন্ট। ১৩ হাজার ৩৪২ স্কয়ার ফিটের প্রথম ও দ্বিতীয় বেজমেন্টে থাকছে টেস্ট ল্যাব। যাতে করে কোন রেডিয়েশন না ছাড়তে পারে। প্রথম তলার ১১ হাজার ১৩৬ স্কয়ার ফিট জায়গায় হবে স্টোর রুম, রোগী ও তাদের স্বজনদের বসার স্থান, ক্যান্টিন, অফিস রুমসহ ম্যানেজমেন্ট অফিস। দ্বিতীয় তলায় ১৩ হজার ৮২৬ স্কয়ার ফুট জায়গায় হবে চিকিৎসকদের চেম্বার। তৃতীয় তলার ১৪ হাজার ৬৯৮ ফুটে থাকবে চিকিৎসকদের সভা কক্ষ, ছাত্র-ছাত্রীদের ক্লাস রুম, নার্সেস স্টেশন ও ক্যানসার রোগীদের কেমোথ্যারাপি ল্যাব। চতুর্থ তলায় ১৪ হাজার ৭৪৪ ফিটে হবে ৫০ শয্যার পুরুষ ওয়ার্ড এবং পঞ্চম তলায় ৫০ শয্যার নারী ওয়ার্ড। ষষ্ঠ তলায় থাকবেন প্রফেসর, মেডিক্যাল অফিসার, রেকর্ড রুম ও হাসপাতালের দাপ্তরিক কাজের স্থান। সপ্তম থেকে চৌদ্দ তলা পর্যন্ত কি হবে তা এখনও জানা যায়নি।
সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, প্রকল্পের মধ্যে রয়েছে সড়ক,সীমানা প্রাচীর,ভূমি উন্নয়ন,ভূগর্ভে পানির রিজার্ভ ট্যাংক,বৃক্ষ রোপণ,ফুটপাত, ড্রেন,পাম্প হাউজ,বৃষ্টির পানি ধারণের জন্য অত্যাধুনিক ট্যাংক, ইন্টার কম সিস্টেম,১ হাজার ১০০ কেভি ট্রান্সফরমার স্থাপন, এইচ টি এলটি ক্যাবলসহ ক্যানসার চিকিৎসায় বিভিন্ন যন্ত্রপাতি স্থাপন।
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. নুরুন্নবী লাইজু সাংবাদিকদের জানান, রংপুরে এটি হবে বিশ্বমানের ক্যানসার হাসপাতাল। এই হাসপাতালের সব কিছুই হবে অত্যাধুনিক। বিশ্বে যে ধরনের ক্যানসারের চিকিৎসা হয় তা রংপুরেই হবে।
রংপুর গণপূর্তবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী-২ সাকিউজ্জামান জানান, আগামী দুই বছরের মধ্যে ক্যানসার হাসপাতালের নির্মাণ কাজ শেষ হলে রংপুর বিভাগ তথা উত্তর অঞ্চলের হাজার হাজার ক্যানসার রোগে আক্রান্ত মানুষ চিকিৎসা পাবে। আমরা সেভাবেই কাজ গুছিয়ে নিচ্ছি। আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করতে পারব।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.