
নিউজ ডেস্ক:
বিভাগীয় শহরগুলোর মধ্যে প্রথমবারের মতো রংপুরে নির্মিত ১০ তলা বিশিষ্ট অত্যাধুনিক বিভাগীয় সদর দফতর কমপ্লেক্সের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রোববার (১৬ জানুয়ারি) ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন প্রান্ত থেকে মূল অনুষ্ঠানে যুক্ত হয়ে ভবনটি উদ্বোধন ঘোষণা করেন তিনি।
এসময় রংপুর বিভাগকে উন্নত ও সমৃদ্ধ করতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নৌকা মার্কায় ভোট দিয়েই রংপুরবাসী এ ধরনের সুযোগগুলো পাচ্ছেন, সেটা ভুললে চলবে না।
রংপুর অঞ্চলে শীতের প্রকোপের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, আমি জানি, এবার শীত পড়েছে। সবাই শীতে একটু কষ্ট পাচ্ছেন। আমাদের সাধ্যমতো আমরা সহযোগিতা করেছি। এসময় বিত্তশালীদের শীতবস্ত্র বিতরণের জন্য অনুরোধ জানান প্রধানমন্ত্রী।
এর আগে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে প্রকল্পটি সম্পর্কে রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা জানান, রংপুর বিভাগ প্রতিষ্ঠার ছয় বছর পর ২০১৬ সালে ১০ তলা বিশিষ্ট রংপুর বিভাগীয় সদর দপ্তর নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। এজন্য তৎকালীন ৭৬ কোটি টাকা ব্যয়ে ‘রংপুর বিভাগীয় সদর দপ্তর’ প্রকল্পের অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
জনগণ যেন এক জায়গায় এসে সেবা গ্রহণ করতে পারে, সেজন্য সমন্বিত সরকারি ভবন নির্মাণ বর্তমান সরকারের একটি যুগান্তকারী পরিকল্পনা। এতে করে জনগণের হয়রানি কমবে এবং কৃষি জমির ওপর বাড়তি চাপ লাঘব হবে।বার্তা২৪
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.