
নিউজ ডেস্ক:
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের ১ দিন আগে লাল্টু ইসলাম রানা নামের এক ভুয়া প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার বিকেলে নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের মন্দিরা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় রানার কাছ থেকে ভুয়া আইডি কার্ড, নির্বাচন কমিশনের মনোগ্রামযুক্ত প্যাডের পাতা ও সিল জব্দ করা হয়েছে।
আটকের পর রানা নিজেকে ঝিনাইদহ সদর উপজেলার এনতাজ জোয়ার্দারের ছেলে হিসেবে পরিচয় দিয়েছেন।
এসময় তার কাছ থেকে ‘বাংলাদেশ নির্বাচন কমিশন আইনে যেকোনো সময় ভোট গণনা বন্ধ রাখতে পারেন প্রিসাইডিং অফিসার’ লেখা প্যাডের পাতা, আইডি কার্ড ও সিল উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, সোমবার বিকেলে লাল্টু ইসলাম রানা মন্দিরা এলাকায় গিয়ে কাউন্সিলর প্রার্থী সুলতান আহমেদকে নির্বাচনে জয়ী করার কথা বলে টাকা দাবি করেন। এতে সন্দেহ হলে বিষয়টি তাৎক্ষণিক মাহিগঞ্জ থানা পুলিশকে অবগত করেন ওই কাউন্সিলর প্রার্থী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
মাহিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের এক কাউন্সিলর প্রার্থীর মাধ্যমে বিষয়টি জানতে পেরে লাল্টু ইসলাম রানা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি নিজেকে প্রিসাইডিং কর্মকর্তা পরিচয় দিয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদসহ বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.