
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুরে বেসরকারি মালিকানাধীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ভুয়া ডাক্তারসহ ৫ জনকে গ্রেফতার করেছে মেট্টোপলিটন গোয়েন্দা পুলিশ। এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশ হওয়ায় ছয় হাসপাতালকে মোট ৩ লক্ষ টাকা জরিমানা ও একটি হাসপাতাল সিলগালা করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) দিনব্যাপী নগরীতে এসব অভিযান চালানো হয়। অভিযানে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান এবং সিভিল সার্জনের প্রতিনিধি ডা. রুবাইয়াত হাসান উপস্থিত ছিলেন।
জানা গেছে, রংপুর মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠকের নেতৃত্বে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান বুধবার রংপুর শহরস্থ ধাপ জেল রোড এলাকায় বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে অভিযান পরিচালনা করেন।
এ সময় ন্যাশনাল কমিউনিটি হাসপাতালের অনুমোদন না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশ হওয়ায় ৫০হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড আদেশ প্রদান করা হয়। হাসপাতালটি সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়।
এছাড়াও সমতা ক্লিনিক এন্ড নার্সিং হোমকে ৫০ হাজার টাকা, আইডিয়াল জেনারেল হাসপাতাল এন্ড নার্সিং হোমকে এক লাখ টাকা, রংপুর স্কয়ার হাসপাতালকে ৫০ হাজার টাকা, আইডিয়াল ডায়াগনস্টিকস এর ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মেডিনোভা ক্লিনিক এন্ড নার্সিং হোম এর ভুয়া ডাক্তার সনাতন চন্দ্রসহ (৩৪) তুলেশ চন্দ্র, আমিনুল ইসলাম (২০), আমিনুল (৪০), শাহানুরকে (৩০) গ্রেফতার করা হয়।
সিভিল সার্জন রংপুর এর প্রতিনিধি ডা. রুবাইয়াত হোসেন এর অভিযোগ সাপেক্ষে প্রেক্ষিতে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে রংপুর মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক জানান, মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমরা অভিযান পরিচালনা করছি। নিয়মিত এ অভিযান চলবে। স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা কোনভাবেই মেনে নেওয়া হবে না।
এম২৪নিউজ/আখতার।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.