
নিউজ ডেস্ক:
মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ মজুদ রাখায় ১২ ফার্মেসিকে ৪৩ হাজার টাকা জরিমানা করেছে রংপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
বুধবার সকালে নগরীর পায়রা চত্বর এলাকার দুইটি মার্কেটে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। সেই সাথে নকল হ্যান্ড স্যানিটাইজার ও নিম্নমানের স্বাস্থ্যসুরক্ষা সামগ্রীসহ বিপুল পরিমাণ অবৈধ ওষুধ জব্দ করা হয়েছে।
ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহায়তায় ভেজাল ওষুধ বিরোধী এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদ হাসান মৃধা। অভিযানের সময় বারটি প্রতিষ্ঠানের ফার্মেসি মালিকদের দোকানে মজুদ করা বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ জব্দ করে। বিধি লঙ্ঘন করে অবৈধ ওষুধ রাখার দায়ে ওই সবফার্মেসী মালিকদেরকে চল্লিশ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
এ ব্যাপারে হাসান মৃধা জানান, করোনাকালীন এই দুর্যোগে ওষুধের ফার্মেসী ও ব্যবসায়ীরা বিভিন্নভাবে প্রতারণা করে আসছেন। তারা অনুমোদনহীন, মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ করার পাশাপাশি ভেজাল ও নিম্নমানের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিক্রি করছে। বেশ কিছু অভিযোগের প্রেক্ষিতে ওই সব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এদিকে কেরানীপাড়া চৌরাস্তা মোড়ে বারি মেডিসিন কর্নারকে দুই হাজার ও রংপুর ফারমাসিয়াকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.