
নিউজ ডেস্ক:
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মশিউর রহমান রাঙ্গার সমর্থক ও স্থানীয় আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকাল ৫ টার দিকে উপজেলার জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে গঙ্গাচড়ায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জিরো পয়েন্টসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকরা নিরাপদ দূরত্বে অবস্থান করছেন বলে জানা গেছে।
রংপুর মহানগর যুবসংহতির প্রচার মিছিল থেকে রাঙ্গার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানান দলটির নেতা-কর্মীরা। মঙ্গলবার বিকালে নগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয় থেকে বের হয়ে মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ওই মিছিল থেকে আওয়ামী লীগ বিরোধী শ্লোগান দেন যুবসংহতির নেতা-কর্মীরা।
আরও পড়ুন:
প্রসঙ্গত, শহীদ নূর হোসেনকে নিয়ে কটূক্তি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বৈরাচার ইঙ্গিত করায় মশিউর রহমান রাঙ্গার বিরুদ্ধে বিকাল সাড়ে ৩ টায় রংপুর নগরীর কাচারী বাজার পয়েন্টে সমাবেশ করেছে মহানগর যুবলীগ। এতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়। সমাবেশ শেষে রাঙ্গার কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।
এর আগে দুপুরে একই স্থানে রংপুর সরকারি কলেজ ছাত্রলীগ শাখার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় রংপুর জেলা ছাত্রলীগ নগরীতে বিক্ষোভ মিছিল বের করে। এছাড়াও রংপুরের কাউনিয়া, গঙ্গাচড়া ও বদরগঞ্জ উপজেলাতে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকরা বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে।
সূত্র: ইত্তেফাক অনলাইন।
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.