
রংপুর অফিস:
রংপুরের মানব ফাউন্ডেশন নামের একটি সামাজিক সংগঠন গভীর রাতে অর্ধ শত দারিদ্র পরিবারের মাঝে এক মাসের ইফতার সামগ্রী দিয়েছেন।
রমজান শুরুর রাতেই ইফতার সামগ্রী বিতরণ করতে দিনের বেলায় প্যাকেট তৈরি করেন তারা। গভীর রাতের আঁধারে অসচ্ছল ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে বাড়ি বাড়ি দরজার কড়া নাড়েন। তবে এক দিনের খাবার নয় পুরো রমজানের ইফতারসামগ্রী বিতরণ করছে ।
মানবিক এই সহায়তার কাজ করছে সমাজসেবামূলক সংগঠন মানব ফাউন্ডেশনের এক ঝাঁক তরুণ স্বেচ্ছাসেবী।দুই কেজি মুড়ি, দুই কেজি ছোলা বুট, চিনি দুই কেজি, খেজুর এক কেজি, শুকনা বুন্দিয়া আধা কেজি, এক ডজন খাবার স্যালাইন, আতপ চাল এক কেজি এবং এক লিটার ভোজ্যতেল সহ পুরো এক মাসের ইফতারসামগ্রী বিতরণ করেছে সংগঠনটি।
শনিবার (২ এপ্রিল) মধ্যরাতে রংপুর নগরীর বৈরাগীপাড়া, বকুলতলা, কামাল কাছনা, বাবুখাঁ, গণেশপুর, তাঁতীপাড়ার অর্ধশত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেন তারা।
নগরীর গণেশপুর বকুলতলা এলাকার বৃদ্ধা ছাবিয়া বেগম বলেন, আল্লাহর রহমত না হইলে কী এতো আইতোত এক মাসের ইফতার “নিয়্যা কায়ো আইসে বাহে”। আজই মোর খুব ভালো নাগোছে। সেহরির সময় কষ্ট হইলেও ইফতারটা এ্যালা থাকি ভালোয় হইবে।
একই এলাকার ছাবিয়া বেগম ঘুম থেকে উঠে ঘরের দরজায় স্বেচ্ছাসেবীদের দেখে তিনি আনন্দে অশ্রু সিক্ত হয়ে পড়েন। তার মতো খুশিতে আত্মহারা হন একই এলাকার তাহেরা ও আলেমা বেগম। নুন আনতে পান্তা ফুরানোর সংসারে ঠিক মতো ইফতার বা সেহরিটাও করতে পারেন না ছাবিয়া-তাহেরারা।
শুধু এক মাসের ইফতারসামগ্রী বিতরণ করেই থেমে নেই মানব ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা। আজ রোববার থেকে তারা শুরু করেছে ‘ইফতারের বক্স’ বিতরণ। এই কার্যক্রমের অংশ হিসেবে প্রতিদিন অন্তত ৫০ অসহায় ও দুস্থ মানুষের হাতে তুলে দিয়েছে ইফতারের প্যাকেট।
মানব ফাউন্ডেশন দীর্ঘ নয় বছর ধরে সমাজের অসহায়, দুস্থ, অস্বচ্ছল ও হতদরিদ্র মানুষদের জন্য কাজ করে আসছে।
করোনা ভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকে চাল, ডাল, আলু, তেল, লবণ, সাবান, ফেস মাস্কসহ বিভিন্ন সামগ্রী নিয়ে হতদরিদ্রদের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।এ ছাড়াও অসহায়, এতিম ও দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা প্রদান, এতিমদের বিয়ের আয়োজন, শীতবস্ত্র বিতরণ, অসুস্থ রোগীর চিকিৎসার ব্যবস্থা করা, বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করা, পথশিশুদের লেখাপড়া সহ বিভিন্ন মানবিক কাজ করছে।
মানব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আল-আমিন গগন বলেন, পবিত্র রমজানের প্রথম ইভেন্ট হিসেবে আমরা ৫০টি পরিবারকে পুরো এক মাসের জন্য ‘ইফতারের প্যাকেট’ বিতরণ করেছি। পর্যায়ক্রমে আরো প্যাকেট বিতরণ করা হবে।রমজান মাষ জুড়ে প্রতিদিন ৫০ জন করে ইফতার দেওয়া হবে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com | @ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.