
নিউজ ডেস্ক:
রংপুর নগরীর শাহ জামাল মার্কেটে অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২ মার্চ) ভোর ৬টার দিকে নগরীর স্টেশন রোড গ্রান্ড হোটেল মোড়স্থ কাপড়ের মার্কেটে এ আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
রংপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক ওহিদুল ইসলাম জানান, সকালে খবর পেয়ে প্রথমে ১০টি এবং পরে দুটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে মার্কেটের ভেতরের অন্তত ৩০টি কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি।
আগুন লাগার খবর পেয়ে ছুটে আসেন মিজানুর রহমান নামে এক ব্যবসায়ী। মার্কেটের ভেতরে থাকা তার চারটি দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি করেন। এই ব্যবসায়ী বলেন, আগুনে আমার সব শেষ হয়ে গেল। এতোদিনে যা সঞ্চয় করেছি, সবকিছু আগুনে পুড়ে শেষ। কোনো মালামাল রক্ষা হয়নি। দোকানে টিনের চাল উড়ে গেছে। লাখ লাখ টাকার মেশিন, স্টকে রাখা কাপড় ছাই হয়ে গেছে।
শাহ জামাল মার্কেটের নিচে পাইকারি কাপড় বিক্রিসহ বিভিন্ন ধরনের পোশাক তৈরির ছোট ছোট কারখানা এবং কয়েকটি ফ্রিজ কোম্পানির গোডাউন ছিল। তবে এখানে পাইকারি ও তৈরি কাপড়ের দোকান বেশি ছিল।
হোসেন নামে একজন ব্যবসায়ী জানান, ফায়ার সার্ভিসের লোকেরা চেষ্টা করেছে, কিন্তু আমাদের কিছুই রক্ষা হয়নি। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ভয়াবহ পরিস্থিতি হয়। মার্কেটের সামনের দোকানগুলো রক্ষা পেলেও ভেতরে অনেকের মালামাল, পুঁজি সবই আগুনে পুড়ে গেছে। আমাদের ইদের ব্যবসা আর হবে না। সব পুঁজি রুজি তো আগুন খেয়ে নিল।
মার্কেটের পাশের তেঁতুল তলা জামে মসজিদের মুয়াজ্জিন আবু বকর সিদ্দিক জানান, ফজরের নামাজের পর আমরা ফায়ার সার্ভিসের গাড়ির শব্দ শুনে বের হয়ে দেখি আগুন লেগেছে। কাপড় ও মেশিনে আগুন লাগায় তা দ্রুত ছড়িয়ে পড়ছে। এ কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের অনেক সময় লাগে। তবে কীভাবে আগুন লেগেছে তা তিনি বুঝতে পারছেন না।
শাহ জামাল মার্কেট ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন জানান, ওই মার্কেটে প্রায় সকলেই কাপড় ব্যবসায়ী। মঙ্গলবার সকাল ৬টার দিকে মার্কেটে আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। অগ্নিকাণ্ডে মার্কেটের দুই লাইনের ১৫-২০টি দোকান পুড়ে যায়। এতে প্রায় কোটি টাকার ঊর্ধ্বে ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: ঢাকাপোষ্ট
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.