
বাসস:
রংপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির।
মঙ্গলবার দুপুরে বদরগঞ্জ উপজেলার গোমস্তাপুর বারবিঘা এলাকার সহিদুল হকের ছেলে ওসমান গণির (২৮) বিরুদ্ধে এই আদেশ দেন।
এ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, বদরগঞ্জ উপজেলার মোস্তফাপুর বার বিঘা গ্রামের মো. সহিদুল হকের ছেলে মো. ওসমান গণির সাথে মো. আমজাদ হোসেনের মেয়ে মঞ্জুয়ারা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর অভাব অনটনের কারণে প্রায় সময় তাদের মধ্যে ঝগড়াঝাটি লেগে থাকত।
গত ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর রাতে কোন এক সময়ে আসামি ওসমান গণি তার ঘরে স্ত্রী মঞ্জুয়ারা খাতুনকে হত্যা করেন। এরপরে মঞ্জুয়ারার বাবা মো. আমজাদ হোসেন বাদী হয়ে বদরগঞ্জ থানায় মামলা করেন।
রাষ্ট্রপক্ষের ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে এই রায় ঘোষণা করা হয়। রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন পিপি মো. আফতাব উদ্দিন এবং আসামীপক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী সুলতান আহমেদ শাহীন মামলাটি পরিচালনা করেন।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.