
রংপুর অফিস:
রংপুরে পুলিশের কনস্টেবল নিয়োগে স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর জাল করে ডিও লেটার দেয়ার ঘটনায় পুলিশ সহ চার জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করেছে রংপুর জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারা হলো রংপুর সদর কোতোয়ালী থানা এলাকার মহেষপুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে মোঃ জুয়েল রানা(২৮), একই গ্রামের নয়া মিয়ার ছেলে মোঃ আল-আমিন (১৯), মিঠাপুকুর উপজেলার রুপসী গাছুয়াপাড়া গ্রামের মৃত সাইদুল হকের ছেলে মোঃমোছাদ্দেক হোসেন (২০) ও গাইবান্ধার সাদুল্লাহ্পুর উপজেলার ফুলবাড়ী গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে পুলিশ সদস্য মাসুদার রহমান মাসুদ।
জেলা পুলিশের একটি সূত্রে জানা গেছে, রংপুরসহ দেশব্যাপী পুলিশের কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে সরকার। নিয়োগ পরীক্ষায় সহায়তা ও চাকরি পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে রংপুরে প্রতারক চক্রটি সংক্রিয় হয়ে উঠে। এ চক্রটি স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর জাল করে জেলা পুলিশকে ডিও লেটার দেয়। বিষয়টি সন্দেহজনক মনে হলে জেলা গোয়েন্দা বিভাগের দায়িত্ব প্রাপ্ত সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম পলাশের নেতৃত্বে একটি চৌকস টিম অনুসন্ধানে নামেন। গত বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ব্যবহৃত মোবাইল ফোন, স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর জাল করা ডিও লেটার সহ প্রয়োজনীয় ভূয়া কাগজপত্র, ছবি জব্দ করে পুলিশ।
চক্রটি চাকরি প্রত্যাশি আল-আমিনকে পুলিশের কনস্টেবল পদে ভর্তির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়াসহ বিভিন্ন ভাবে নিয়োগ প্রদানের নিশ্চয়তা দেয়। জালিয়াতি এ চক্রের অন্যতম হোতা মাসুদার রহমান মাসুদের কথা মতো আল-আমিন ঢাকায় গিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে থাকা চক্রের অজ্ঞাত সদস্যদের কাছ থেকে মুখবন্ধ একটি খাকী খাম গ্রহণ করে। এভাবে মাসুদ বিভিন্ন জনের সাথে পুলিশে চাকরির প্রলোভন দেখিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির স্বাক্ষর জালিয়াতি ও মূল্যবান জামানত জাল করে আসছিলো।
গ্রেফতার চার জন সহ অজ্ঞাতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানায় একটি মামলা রেকর্ড হয়েছে। মামলাটি তদন্তের ভার কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিনকে দেয়া হয়েছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশীদ জানান, জালিয়াতি চক্রের আটক চার সদস্যকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া এ মামলায় অজ্ঞাতনামা আসামি রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর জালিয়াতি করে ভূয়া ডিও লেটার তৈরির অভিযোগটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।
এম২৪নিউজ/আখতার
সম্পাদক ও প্রকাশক মো: শামীম আখতার | বার্তা বিভাগ- মেইল- m24newsdesk@gmail.com
Copyright © 2026 M24News । Rangpur. All rights reserved.